ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট চাই, আগামী বছরেই ৫জি নিলাম : মন্ত্রী
মেক্সিকোর মতো আগামীতে বাংলাদেশেও ইন্টারনেট ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দিতে হবে। মোবাইল দিয়ে ইন্টারনেটের ছোট খাটো প্রয়োজন মেটালেও ইন্টারনেট মানেই ব্রডব্যান্ড। এ কারণেই ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেটের অধীনে আনা হবে। কোনো জায়গায় ফাইবার অপটিক ব্যবহার করা না গেলে স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।
সোমবার (৭ জুলাই) আইএসপিএবি ও প্রাইম ব্যাংকের মধ্যে জামানতবিহীন ঋণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
চাল-চুলাহীন ব্যবসায় লোহা-লক্কর, জমি-জমা না থাকলেও প্রাইম ব্যাংক তথ্যপ্রযুক্তির তিনটি খাতকে কোটি টাকার মেধাসত্বের মূল্যায়ণ করায় ব্যাংকটিকে অভিনন্দন জানান মন্ত্রী।
তিনি বলেন, থ্রিজি বা ফোরজি দিয়ে নয় ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে হবে।
মন্ত্রী বলেন, এখন একটি বাচ্চারও একমুহূর্তও ইন্টারনেট ছাড়া চলে না। এখন যা ব্যবসা আছে সবই ডিজিটাল রূপান্তর হবে। ফলে এই খাতের বড় বড় আইএসপিগুলোকেও বড়ভাবেই মূল্যায়ণ করতে হবে। ইন্টারনেট খাতে ‘ব্যয়’-কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
এক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ২০২১ সালেই ৫জি নিলাম দেয়া হবে। ২০২৩ সালে আমরা সিমিউই- ৫ এ সংযুক্ত হবো।