এআইয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ৪১তম বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী। ১০০ জনের মধ্যে রুম্মানের স্থান ৪১তম। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী টাইম তালিকাটি প্রকাশ করেছে। ৪৩ বছর বয়সি রুম্মান পেশায় ডেটা ও সোশ্যাল সায়েন্টিস্ট। তবে অ্যালগরিদমিক নৈতিকতা নিয়ে তার বিশেষ দখল আছে।
এআইয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এ সম্মান দেওয়া হয়েছে।
নিজের লিঙ্কডইন বায়োতে রুম্মান লেখেছেন, 'গত ছয় বছর ধরে আমি নৈতিক, ব্যাখ্যাযোগ্য এবং স্বচ্ছ এআই-এর জন্য অত্যাধুনিক সামাজিক-প্রযুক্তিগত সমাধান তৈরি করছি।'
ড. রুম্মান হিউম্যান ইন্টেলিজেন্সের সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) এমএল এথিকস, ট্রান্সপারেন্সি, অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি দলের পরিচালক ছিলেন।
১৯৮০ সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্ম নেন ড. রুম্মান। ছোটবেলা থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী ও টিভি সিরিজ এক্স ফাইলসের বড় ভক্ত ছিলেন তিনি, যা তাকে বিজ্ঞান সম্পর্কে কৌতূহলী করে তলে।
তিনি ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিকাল সায়েন্স বিষয়ে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক পাস করেন। এরপর তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডস বিষয়ের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি সিলিকন ভ্যালিতে কাজ করার পাশাপাশি স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিকাল সায়েন্স বিষয়ে পিএইচডি লাভ করেন।
কীভাবে ডেটার ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং কীভাবে সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করা যায়—এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি।
২০২১ এর ফেব্রুয়ারি থেকে ২০২২ এর নভেম্বর পর্যন্ত টুইটারে (বর্তমানে এক্স) টুইটারের একটি দলের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করেন। এ সময় তিনি টুইটারের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদণ্ডের সমন্বয় ঘটানোর জন্য কাজ করেন।
এ বছরের আগস্টের শুরুতে ড. রুম্মান প্রায় ৪ হাজার হ্যাকারদের নিয়ে লাস ভেগাসে একটি যুগান্তকারী সম্মেলন আয়োজন করেন। এই অনুষ্ঠানে ওপেন এআই, গুগোল ও অ্যানথ্রোপিকের বানানো এআই চ্যাটবটের বিভিন্ন ভঙ্গুরতা চিহ্নিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় হ্যাকারদের প্রতি।
এই অনুষ্ঠানের মাধ্যমে ড. রুম্মানের কাজের গুরুত্ব বড় আকারে সবার সামনে আসে।
টাইম ম্যাগাজিনের এই তালিকায় ড. রুম্মানের পাশাপাশি স্থান পেয়েছেন ওপেন এআই'র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, এক্স এআই'র ইলন মাস্ক, কানাডা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জেফরি হিনটন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেই ফেই লি, গুগোল ডিপ মাইন্ডের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি, প্রমুখ।







