ইসলামী ব্যাংকে পক্ষকালব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন
সাইবার সচেতনতা মাসে পক্ষকালব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কর্মী ও গ্রাহকদের নতুন নতুন সাইবার ঝুঁকি এবং তা থেকে বেঁচে থাকার সাধারণ ডিজিটাল স্বাক্ষরতা প্রচার করছে এই কর্মসূচিতে।
রাজধানীর মতিঝিলের দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ারে সোমবার (২১ অক্টোবর) এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছেলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন জোনের প্রধান, শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, আধুনিক দুনিয়ায় সাইবার সচেতনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকদের প্রযুক্তিগত সেবা প্রদানে ব্যাংকের সব ইউনিটকে সাইবার সিকিউরিটি সচেতনতায় জোরদার ভূমিকা রাখতে হবে। তিনি গ্রাহকের পাসওয়ার্ড, ওটিপি, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিং এ সব ধরনের ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধে সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষিত সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনা প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, ব্যাংক কখনো গ্রাহকের কাছে ফোন করে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। গ্রাহকের অ্যাকাউন্ট মেইনটেন্যান্সসহ বিভিন্ন লটারির প্রলোভন দিয়ে প্রতারক চক্র কৌশলে গ্রাহকের মোবাইলে আসা ওটিপি জেনে তাদের হিসাব থেকে অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক করতে ও তাদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।







