আইসিপিসি ঢাকার চ্যাম্পিয়ন সাস্ট, রানার্সআপ ঢাবি

৯ ডিসেম্বর, ২০২৪ ০১:০০  

এ বছরের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) এশিয়া আঞ্চলিক ঢাকা আসরে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল। প্রতিযোগিতায় ৭টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন দলের নাম  ‘সাস্ট ফ্যানাটিকস’ দল। সময়ে পিছিয়ে থেকে সমসংখ্যক সমস্যার সমাধান করে সময়ের ব্যবধানে প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সিংগুলারিটি’ এবং ৬টি সমাধান করে দ্বিতীয় রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ প্রিমরডিয়াস’ দল।

এই তিনটি দল ২০২৫ সালে অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস) অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৪৮টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০৬টি দল অংশ নেয়। কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় প্রতি দলে তিনজন প্রোগ্রামার ও একজন করে কোচ অংশ নেন।

এবারের আসরের আয়োজক ছিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে তিন দিন ধরে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে শনিবার ফলাফল ঘোষণা করেন শাহরিয়ার মঞ্জুর।

সমপানী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

এর আগে শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর বিল পাউচার প্রতিযোগিতার উদ্বোধন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার নিয়ম-কানুন ঘোষণা করেন ঢাকা সাইটের কনটেস্ট ডিরেক্টর সৈয়দ আকতার হোসেন ও প্রতিযোগিতার প্রধান বিচারক শাহরিয়ার মঞ্জুর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটির প্রেসিডেন্ট দয়াল কুমার বড়ুয়া এবং ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট চ্যান জো জিম।

আইসিপিসির পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের  জন্য আয়োজনে করা হয় ‘জুনিয়র কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট’। এতে ১০টি স্কুলের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ব্রিজ স্কুলের তাজোয়ার আমান খান। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ফাইজিন হক দ্বিতীয়, শাহীর কুদরত তৃতীয়, মোহাম্মদ সোলাইমান চতুর্থ, মোহাম্মদ জুনাইদ ইব্রাহীম পঞ্চম, আরমান শুদ্ধ হোসেন ষষ্ঠ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ইলহাম সাজিদ সপ্তম, ফারহান একরাম অষ্টম, আবরার ফাইয়াজ খান নবম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের মাহির তাজওয়ার দশম স্থান অর্জন করে।