চ্যাটজিপিটি প্রো প্ল্যানে লোকসানে ওপেনএআই: স্যাম অল্টম্যান

চ্যাটজিপিটি প্রো প্ল্যানে লোকসানে ওপেনএআই: স্যাম অল্টম্যান
৬ জানুয়ারি, ২০২৫ ১৫:৩১  

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, মাসে ২০০ ডলারের চ্যাটজিপিটি প্রো প্ল্যান প্রত্যাশার চেয়ে বেশি ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি লোকসানে পড়েছে। খবর টেকক্রাঞ্চ।

এক্স-এ একাধিক পোস্টে অল্টম্যান লিখেছেন, “মূল্যটি আমি নিজেই নির্ধারণ করেছিলাম এবং ভেবেছিলাম কিছু মুনাফা হবে।”

২০২৪ সালের শেষ দিকে চ্যাটজিপিটি প্রো চালু করে ওপেনএআই। এই প্ল্যানের মাধ্যমে উন্নত সংস্করণের ও১ “রিজনিং” এআই মডেল এবং অন্যান্য টুলের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে সোরা ভিডিও জেনারেটরও রয়েছে।

যদিও ওপেনএআই প্রায় ২০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, তবু প্রতিষ্ঠানটি এখনও লাভজনক নয়। গত বছর কোম্পানিটি ৩.৭ বিলিয়ন ডলারের রাজস্বের বিপরীতে প্রায় ৫ বিলিয়ন ডলার ক্ষতির পূর্বাভাস দিয়েছিল।

কর্মী বেতন, অফিস ভাড়া এবং এআই প্রশিক্ষণ অবকাঠামোর মতো খরচ এই লোকসানের মূল কারণ। চ্যাটজিপিটি একসময় ওপেনএআই-এর দৈনিক ৭ লাখ ডলার খরচ করেছিল বলে জানা যায়।

সম্প্রতি ওপেনএআই স্বীকার করেছে যে, তাদের ধারণার চেয়ে বেশি মূলধন প্রয়োজন। নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি কর্পোরেট পুনর্গঠনের পরিকল্পনা করছে। লাভজনক হতে, ওপেনএআই তাদের সাবস্ক্রিপশন প্ল্যানগুলোর মূল্য বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করছে।

কোম্পানির আশা, ২০২৯ সালের মধ্যে তাদের বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা বর্তমানে নেসলের বার্ষিক বিক্রির সমান।