খুলনায় বেড়েই চলেছে হত্যাকাণ্ড, জামায়াতের উদ্বেগ

খুলনা: অঞ্চলে সাম্প্রতিককালে ঘটে চলা একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল নেতারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, খুলনার সাধারণ মানুষের জীবন আজ সম্পূর্ণ নিরাপত্তাহীন ও অতিষ্ঠ হয়ে উঠেছে। ভোর বেলায়, দিনদুপুরে, […] The post খুলনায় বেড়েই চলেছে হত্যাকাণ্ড, জামায়াতের উদ্বেগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

খুলনায় বেড়েই চলেছে হত্যাকাণ্ড, জামায়াতের উদ্বেগ
২৮ অক্টোবর, ২০২৬ ০০:০০  

খুলনা: অঞ্চলে সাম্প্রতিককালে ঘটে চলা একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল নেতারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, খুলনার সাধারণ মানুষের জীবন আজ সম্পূর্ণ নিরাপত্তাহীন ও অতিষ্ঠ হয়ে উঠেছে। ভোর বেলায়, দিনদুপুরে, সন্ধ্যা বেলা ও রাতের অন্ধকারে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যা, গুরুতর জখম, জবরদখল এবং চাঁদাবাজির মহোৎসব চলছে। নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ছিঁচকে চুরি থেকে শুরু করে বৈদ্যুতিক তার চুরির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নৈরাজ্যের মূল উৎস হিসেবে বিস্তৃত হয়েছে মাদকের অবাধ বিস্তার। আইনপ্রয়োগকারী সংস্থাসমূহ অধিকাংশ অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার কথা স্বীকার করলেও অপরাধীদের মূলোৎপাটনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মাদকের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধী চক্রগুলোর রক্তক্ষয়ী গোষ্ঠীদ্বন্দ্ব এবং পাল্টাপাল্টি হামলায় খুলনার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচ্ছিন্নভাবে দু-একটি ঘটনার রহস্য উদঘাটন করলেও সামগ্রিক অপরাধ চিত্রের তুলনায় তা অত্যন্ত নগণ্য।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব দুর্ধর্ষ অপরাধীদের মদদদাতা ও নেপথ্যের প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজ বারবার প্রতিবাদ ও কর্মসূচি পালন করলেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা বা পরিস্থিতির উন্নতির লেশমাত্র দেখা যাচ্ছে না।

খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অবিলম্বে সন্ত্রাস, খুন, মাদক ব্যবসা ও চাঁদাবাজি শক্ত হাতে দমন করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, যার সমস্ত দায়ভার সরকার এবং প্রশাসনকে বহন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার ও নেপথ্য নায়কদের আইনের আওতায় এনে খুলনায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি।

একই ধরণের বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমির মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

The post খুলনায় বেড়েই চলেছে হত্যাকাণ্ড, জামায়াতের উদ্বেগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.