মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
বার্ষিক 'স্ন্যাপড্রাগন সামিট'-এ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পারফরম্যান্স বাড়াতে দুটি নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর উন্মোচন করেছে সেমিকন্ডাক্টর জায়ান্ট কোয়ালকম। 'স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬' এবং এর উচ্চমানের সংস্করণ 'স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬' নামের এই প্রসেসর দুটিতে এআই এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত ব্যবহারের অভিজ্ঞতা সমৃদ্ধ করার ওপর মূল জোর দেওয়া হয়েছে।
চিপসেটগুলোতে যুক্ত নতুন ‘সেন্সিং হাব’ ইন্টারনেট বা ক্লাউড সংযোগ ছাড়াই স্থানীয়ভাবে ২০০ মিলিয়ন প্যারামিটারের ছোট এআই মডেল পরিচালনা করতে সক্ষম।
ফলে স্মার্টফোন ব্যবহারকারীর কণ্ঠ শনাক্ত করে নোট নেওয়া, ব্যবহারের ধরন দেখে কাজের পরামর্শ দেওয়া এবং সরাসরি স্বয়ংক্রিয় ভয়েস এআই চালানোর মতো কাজগুলো খুব সহজে সম্পন্ন করা যাবে।
এক্সট্রিম সংস্করণ, ক্যামেরা ও অডিও ফিচার
শক্তিশালী ‘এক্সট্রিম’ সংস্করণটিতে ৩০ বিলিয়ন প্যারামিটারের 'মিক্সচার-অফ-এক্সপার্টস' এআই মডেল সরাসরি ডিভাইসে প্রসেস করার সুবিধা রয়েছে, যা প্রক্রিয়াটি আরও দ্রুত ও সাশ্রয়ী করে তোলে।
ছবি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে প্রসেসরটি পিক্সেল-লেভেল নিয়ন্ত্রণ, উন্নত স্টেবিলাইজেশন, ৮কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং এবং ৪কে ২৪০ এফপিএস আল্ট্রা স্লো-মেশনের সুবিধা দেবে। এর পাশাপাশি ভয়েস কল চলাকালীন আশপাশের অপ্রয়োজনীয় কোলাহল দূর করতে এতে কোয়ালকমের নিজস্ব ‘ভয়েস বাবল’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
প্রথম স্মার্টফোন ও বাজার ভাবনায় পরিবর্তন
ইভেন্টটিতে নতুন এই প্রযুক্তির প্রথম ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মটোরোলা জানায়, তাদের আসন্ন 'মটোরোলা সিগনেচার ২৭' ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসরটি ব্যবহার করা হবে।
পৃথক কোনো এআই গ্যাজেট ব্যবহারের বদলে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনেই এআই-এর সর্বোচ্চ সুবিধা পাবেন বলে বিশ্বাস করে কোয়ালকম।
অ্যাপল ও জেন-জির পছন্দের ব্র্যান্ডগুলোর এই ধারায় ঝোঁকা প্রমাণ করে যে আগামী দিনের মোবাইল বাজার সম্পূর্ণভাবে অন-ডিভাইস এআই প্রযুক্তির ওপর নির্ভর করতে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





