‘জেপি-মারাই’ প্রতিনিধিদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক; ভাষা শিক্ষা ও দায়িত্বশীল নিয়োগে গ্র্যাজুয়েট পাইপলাইন তৈরির উদ্যোগ

জাপানে প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের কর্মসংস্থান সম্প্রসারণে ড্যাফোডিলে জাপানি প্রতিনিধিদল

  • বাংলাদেশি দক্ষ প্রকৌশলী ও আইটি গ্র্যাজুয়েটদের জাপানের শিল্পখাতে যুক্ত করতে ড্যাফোডিল স্মার্ট সিটিতে 'জেপি-মারাই' প্রতিনিধিদলের সফর
  • ৩০০ শিক্ষার্থী ও কর্মকর্তার অংশগ্রহণে কর্মসংস্থানবিষয়ক সেমিনার এবং ‘জাপান গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কর্মসংস্থান পথ’ তৈরিতে দ্বিপাক্ষিক বৈঠক
  • প্রতিভা শনাক্তকরণ, জাপানি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক অভিযোজন ও দায়িত্বশীল নিয়োগের সমন্বিত মডেল গঠনের তাগিদ

জাপানে প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের কর্মসংস্থান সম্প্রসারণে ড্যাফোডিলে জাপানি প্রতিনিধিদল
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪০  

বাংলাদেশি তরুণদের জন্য জাপানে টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ কর্মী, প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের জাপানের মূলধারার কর্মবাজারের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্য নিয়ে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ২০ সেপ্টেম্বর, ২০২৬ রবিবার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত এ সফরে জাপানের কর্মবাজারের চাহিদা, প্রয়োজনীয় পেশাগত দক্ষতা, সাংস্কৃতিক প্রস্তুতি ও দায়িত্বশীল নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন ‘জাপান প্ল্যাটফর্ম ফর মাইগ্র্যান্ট ওয়ার্কার্স টুওয়ার্ডস রেসপনসিবল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি’ (জেপি-মারাই)-এর বোর্ড সদস্য কেনিচি শিশিদো এবং সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার শিনিচি ওকুবো। সফরকালে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ও কর্মকর্তার অংশগ্রহণে ‘জাপানে কর্মসংস্থানের সুযোগ: বাংলাদেশি গ্র্যাজুয়েটদের জন্য পথ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা’ শীর্ষক এক দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালের উদ্বোধনী বক্তব্যের পর মূল সেশন পরিচালনা করেন কেনিচি শিশিদো। তিনি জাপানের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক নিয়োগের নৈতিক মানদণ্ড এবং তরুণ পেশাজীবীদের জন্য সুযোগ ও প্রত্যাশার দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। সমাপনী বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, "জাপানের শিল্পখাতে দক্ষ জনশক্তির তীব্র চাহিদা রয়েছে, বিপরীতে বাংলাদেশের শক্তি হলো এর বিপুল ও সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠী। জাপানি ভাষা, সাংস্কৃতিক প্রস্তুতি, কারিগরি সক্ষমতা এবং নিয়োগদাতার চাহিদার সমন্বয় ঘটিয়ে একটি আন্তর্জাতিক সেতুবন্ধন গড়ে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য।"

সেমিনার শেষে জাপানি প্রতিনিধিদলটি ডিআইইউর শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে এক উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী বৈঠকে অংশ নেয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ড্যাফোডিল গ্রুপের গ্রুপ সিইও এবং রেজিস্ট্রারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতের যোগ্য গ্র্যাজুয়েটদের জন্য একটি বিশেষায়িত ‘জাপান গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কর্মসংস্থান পথ’ (Japan Graduate Engineer Employment Pathway) গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

উল্লেখ্য, ড্যাফোডিলের গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (জিআরএ) দীর্ঘদিন ধরে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) কাঠামোর আওতায় জনশক্তি উন্নয়নে কাজ করছে। এই বাস্তব অভিজ্ঞতার আলোকে এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের সুযোগ আরও বিস্তৃত করা হচ্ছে।

সফরকালে জাপানি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও ক্যাম্পাস প্রাঙ্গণে জাপান স্টাডি সেন্টার পরিদর্শন, সাংস্কৃতিক উপভোগ এবং একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
//ডিবিটেক/এমএইএইচকে/বিপিও//