ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি গ্রাহকদের

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। একই সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। ‘ইসলামী ব্যাংক […] The post ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি গ্রাহকদের first appeared on Sarabangla | Breakin

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি গ্রাহকদের
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। একই সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। তাই দ্রুত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কর্মসূচির বিপরীত অবস্থানে থাকা পক্ষ বা বহিরাগতদের প্রশাসন যতক্ষণ পর্যন্ত সরিয়ে না দেবে, ততক্ষণ গ্রাহকদের অবস্থান কর্মসূচি চলবে।

ফোরামের সহসভাপতি মুতাসিম বিল্লাহ অভিযোগ করেন, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেন তিনি।

কর্মসূচিতে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের পল্টন শাখার এক গ্রাহক বলেন, তিনি প্রায় নয় বছর ধরে ব্যাংকটির নিয়মিত ব্যবসায়ী গ্রাহক। কিন্তু ব্যবসার প্রয়োজনেও এখন ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারছেন না।

ওই গ্রাহকের অভিযোগ, গত কয়েক বছরে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও উৎপাদনশীল খাতকে দুর্বল করতে ইসলামী ব্যাংককে ধ্বংসের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় বহিরাগতদের হামলায় তিনি আহত হয়েছেন। এরপরও গ্রাহকদের দাবির সঙ্গে সংহতি জানাতে তিনি কর্মসূচিতে যোগ দিয়েছেন।

গ্রাহকেরা বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে এর প্রভাব শুধু ব্যাংকের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেশের ব্যবসা-বাণিজ্য, উৎপাদন ও কর্মসংস্থানেও পড়তে পারে। তাই দেশের অর্থনীতি ও কর্মসংস্থান রক্ষায় দ্রুত পরিচালনা পর্ষদ গঠন করে ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সার‌াবাংলা/এসএ

The post ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি গ্রাহকদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.