মাই রবি অ্যাপে মিলবে বিশ্বখ্যাত এআই মডেলের সুবিধা

চালু হলো ‘রবি এআই স্পেস’

  • এআই নিয়ে জ্বলে ওঠার প্রত্যয়ে এগিয়ে থাকলো রবি
  • আন্তর্জাতিক পেমেন্টের বাধা ছাড়াই মোবাইল বান্ডেলে এআই 
  • শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য তৈরি প্ল্যাটফর্মটি

চালু হলো ‘রবি এআই স্পেস’
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৪  

ঢাকা, ৯ সেপ্টেম্বর, বুধবার: বাংলাদেশে প্রথম অল-ইন-ওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। মাই রবি অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা এক প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করতে পারবেন।

‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন এই সেবা চালু করেছে রবি। ৯ সেপ্টেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানিয়েছে, গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কিনে এসব এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন।

বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার মাত্র ১ দশমিক ৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বিশ্বমানের বিভিন্ন ডিজিটাল সেবা থেকে এতদিন অনেক ব্যবহারকারী বঞ্চিত ছিলেন বলে জানিয়েছে রবি। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই বাধা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এখন গ্রাহকেরা মোবাইল ডাটা বান্ডেল কিনেই এসব এআই মডেল ব্যবহার অথবা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন।

প্ল্যাটফর্মটি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা এবং দৈনন্দিন কর্মপ্রবাহ আরও সহজ ও কার্যকর করতে তারা এআইভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের ভেতরেই সরাসরি তাদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পারবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন রাখা কিংবা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হবে না।

রবি জানিয়েছে, ‘রবি এআই স্পেস’-এর মাধ্যমে একটি বিশেষায়িত এআই ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ‘এভরি এআই’-এর পাশাপাশি ‘রবি এআই স্পেস’কে এমন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে স্থানীয় গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক বিভিন্ন সমাধান তুলে ধরা হবে।

এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, “ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলসগুলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে আমাদের বাজারে দীর্ঘদিন ধরেই একটা বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এই এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে আমরা সেই প্রতিবন্ধকতা দূর করছি। উন্নত ডিজিটাল প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করা এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমেই নির্বিঘ্নে বিশ্বমানের এআই ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।”

মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ সেকশনের মাধ্যমে এখন সব রবি গ্রাহক এই সেবা ব্যবহার করতে পারবেন।
//ডিবিটেক/ ইকেডি/এনজেআর/এফওইএইচ//