ত্রুটি মেরামতে ঢাকা থেকে যন্ত্রাংশ প্রেরণ, সার্বক্ষণিক তদারকিতে মন্ত্রণালয়

রোমে বিকল বিমানের ১০০ যাত্রী হোটেলে স্থানান্তর

  • ১. রোম বিমানবন্দরে বিজি৩০৬ ফ্লাইটে কারিগরি ত্রুটি
  • ২. ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর, বাকিরা লাউঞ্জে
  • ৩. ঢাকা থেকে পাঠানো হচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ

রোমে বিকল বিমানের ১০০ যাত্রী হোটেলে স্থানান্তর
৮ আগষ্ট, ২০২৬ ২২:১০  

ঢাকা: ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরটিতে আটকে থাকা অসুস্থ, বয়স্ক ও শিশু যাত্রীদের বিশেষভাবে দেখভাল করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ইতালি দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের খোঁজখবর রাখছেন। উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। দ্রুত মেরামত শেষ করে পরবর্তী কার্যক্রম নেওয়ার চেষ্টা চলছে এবং ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতির সর্বশেষ তথ্য নেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গত শুক্রবার (৭ আগস্ট) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ অবস্থায় রয়েছে। এর কারিগরি ত্রুটি সমাধানের জন্য একটি বিশেষ প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।

//ডিবিটেক/জেএনও/ এসএমই//