কঠিন সময় পার করছে এভিয়েশন শিল্প : এওএবি সভাপতি

কঠিন সময় পার করছে এভিয়েশন শিল্প : এওএবি সভাপতি
১১ এপ্রিল, ২০২৬ ২০:২২  

দেশের এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী।  চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্কয়ার এয়ারের এই ব্যবস্থাপনা পরিচালক।

১১ এপ্রিল শনিবার রাজধানীর মহাখালীর স্যামসন সেন্টারে সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, অপারেশনাল ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে এভিয়েশন খাত চাপে রয়েছে।’

বার্ষিক এই সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান ও ইউএস বাংলা এয়ারলাইনসের আবদুল্লাহ আল মামুন, এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাহির স্বপন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক প্রমুখ।

সভায় সংগঠনের মহাসচিব ও নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন উচ্চহারের ফি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এ সময় তিনি ট্রাভেল এজেন্সি আইনের কিছু ধারা আবার বিবেচনার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

সভায় অন্য বক্তারা এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসরকারি বিমান পরিবহন, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ডিবিটেক/ইকেটি/ইকে