বর্ষায় প্রতিকূল আবহাওয়ায় শ্রমজীবী মানুষের পাশে বাংলালিংক
- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ ১০টি সিটি করপোরেশন এলাকায় রেইনকোট বিতরণ
- রিকশা ও ভ্যানচালকদের সুরক্ষায় ১২ হাজারের বেশি রেইনকোট উপহার
৭ আগস্ট, শুক্রবার: চলমান বর্ষা মৌসুমে দেশের শ্রমজীবী মানুষের সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। দেশের ১০টি প্রধান সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের সুবিধার্থে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
বাংলালিংকের এই মানবিক উদ্যোগটি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী শহরের মতো ব্যস্ত নগর এলাকাগুলোতে পরিচালিত হয়। প্রতিকূল আবহাওয়া এবং ভারী বৃষ্টির মধ্যেও যেসকল কর্মজীবী মানুষকে দৈনন্দিন জীবিকার তাগিদে বাইরে কাজ করতে হয়, তাদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তা জোরদার করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে থাকি। বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের শহরগুলোকে সচল রাখতে এই শ্রমজীবী মানুষগুলো অসামান্য ভূমিকা রাখেন। তাদের হাতে একটি করে রেইনকোট তুলে দেওয়ার এ পদক্ষেপটি ছোট মনে হতে পারে, তবে এর মাধ্যমে আমরা তাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাচ্ছি এবং সমাজের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
কমিউনিটির সার্বিক উন্নয়নে কেবল সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ না থেকে প্রাত্যহিক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) জোরদার করতে বাংলালিংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/ বিআরএফ/এমএসআই//





