একগুচ্ছ নতুন ফিচারসহ হোয়াসটঅ্যাপ ওয়েবেই সরাসরি কল সেবা চালু

একগুচ্ছ নতুন ফিচারসহ হোয়াসটঅ্যাপ ওয়েবেই সরাসরি কল সেবা চালু
৩০ জুলাই, ২০২৬ ১৩:৫৪  

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েব সংস্করণে অডিও ও ভিডিও কল করার সুবিধা চালু করেছে খুদে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতদিন ধরে পিসি বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করতে হলে আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল করতে হতো। মেটার নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে ব্যক্তিগত ও দলগত ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।

ব্রাউজার থেকেই স্ক্রিন শেয়ার ও কল ব্যবস্থাপনা
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে যুক্ত হওয়া নতুন ‘কলস’ ট্যাবে ব্যবহারকারীরা আগের সমস্ত কলের তালিকা ও পছন্দের কন্টাক্টগুলো দেখতে পাবেন। ডেস্কটপ বা মোবাইল অ্যাপের মতো ওয়েব ব্রাউজারেও স্ক্রিন শেয়ারিং, বিভিন্ন রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া জানানো এবং কল হিস্ট্রি দেখার সুবিধা রাখা হয়েছে। ব্রাউজারের মাধ্যমে করা এসব কলও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

কল চলাকালীন সহজে ডিভাইস পরিবর্তনের সুবিধা
ওয়েব কলিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপ কলিং অভিজ্ঞতায় আরও কিছু সুবিধাজনক পরিবর্তন এনেছে মেটা। এদের মধ্যে অন্যতম হলো কল না কেটে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তা স্থানান্তরের সুবিধা। উদাহরণস্বরূপ, মোবাইলে কোনো কলে থাকা অবস্থায় ঘরে বা অফিসে পৌঁছে গ্রাহক কলটি না কেটেই তা সরাসরি ল্যাপটপ বা ওয়েব ব্রাউজারে নিয়ে যেতে পারবেন।

ওয়েটিং রুম ও অতিরিক্ত শব্দ কমানোর প্রযুক্তি
অনলাইন সভার সুরক্ষায় হোয়াটসঅ্যাপ যুক্ত করেছে ‘ওয়েটিং রুম’ ফিচার। এর মাধ্যমে গ্রুপ কলের লিংক তৈরি করার সময় স্বাগতিক বা হোস্ট অনুমতি সাপেক্ষে যুক্ত হওয়ার অপশন চালু রাখতে পারবেন। ফলে কেউ লিংকে ক্লিক করলেও সরাসরি কলে যুক্ত হতে পারবে না, হোস্ট অনুমতি দিলে তবেই প্রবেশ করতে পারবে। পেশাদার কাজের ক্ষেত্রে বা মিটিংয়ে এটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে।

এ ছাড়া কোলাহলপূর্ণ পরিবেশে স্পষ্টভাবে কথা বলার জন্য ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় শব্দ কমানোর প্রযুক্তি বা নয়েজ সাপ্রেশন ফিচার আনা হয়েছে। একই সাথে ভিডিও কলের শুরুর দিকেই তাৎক্ষণিকভাবে এইচডি মানের দৃশ্য পাওয়ার সুবিধাও নিশ্চিত করছে প্ল্যাটফর্মটি। পাশাপাশি ব্যবহারকারীর নাম বা ইউজারনেম দিয়ে অন্যকে কল করার সুযোগও খুব দ্রুত সবার জন্য উন্মুক্ত করা হবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ