স্পেকট্রোস্কোপি প্রযুক্তির গবেষণায় ধরা পড়ল স্বাস্থ্যঝুঁকির ভয়াবহ চিত্র
পরীক্ষায় দেশের অধিকাংশ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
- ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে এসডো
- ল্যাবে উন্নত এফটিআইআর স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহারে পরীক্ষা পরিচালিত হয়
- শিশুদের চার ধরনের টুথপেস্টেও বিপজ্জনক প্লাস্টিক কণা উদ্ধার
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক বছরব্যাপী পরিচালিত প্রযুক্তিভিত্তিক বৈজ্ঞানিক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ‘এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে’ আধুনিক স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে নমুনাগুলো বিশ্লেষণ করা হয়। রোববার, ২৬ জুলাই ২০২৬ রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর পরিচালিত জরিপসহ এই গবেষণার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পরীক্ষা করা ২৫টি দেশীয় টুথপেস্টের মধ্যে ২২টিতে ক্ষতিকর কণা মিলেছে। এছাড়া থাইল্যান্ড ও ভিয়েতনামের আমদানিকৃত নমুনা এবং শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেই এই প্লাস্টিক কণার উপস্থিতি মিলেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা ধরা পড়েছে। সবচেয়ে বেশি ৩২০টি কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লুরাইড জেল’-এ।
তালিকায় অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে ক্লোজ আপ রেড হট (১৬০টি), ক্লোজ আপ মেন্থল ফ্রেশ (১৬০টি), কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরি (১৪০টি), সিগন্যাল গ্রিন টি (১২০টি), পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট (১০০টি), হিমালয়া কমপ্লিট কেয়ার (১০০টি) এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে (৮০টি) কণা শনাক্ত হয়েছে। শিশুদের টুথপেস্টের মধ্যে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা ধরা পড়ে।
তবে গবেষণার প্রযুক্তিগত পরীক্ষায় জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি এবং আমদানি করা কোডোমো অরেঞ্জ টুথপেস্টে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।
//ডিবিটেক/ ডিপিও/ইডিপি//





