চাকরির পেছনে না ছুটে কৃষিতে উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার তাগিদ

কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে শেকৃবি শিক্ষার্থীদের প্রতি আহ্বান

  • শেকৃবির নবীন বরণ অনুষ্ঠানে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
  • আধুনিক প্রযুক্তি কৃষকের দৌড়গোড়ায় পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান
  • শুধু সরকারি চাকরি নয়, অ্যাগ্রো বিজনেস ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ

কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে শেকৃবি শিক্ষার্থীদের প্রতি আহ্বান
২৬ জুলাই, ২০২৬ ১৭:০২  

কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তর করতে এবং নতুন উদ্ভাবিত প্রযুক্তি সরাসরি মাঠপর্যায়ের কৃষকের কাছে পৌঁছে দেয়ার তাগিদ দেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং শিক্ষার্থীদের গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

রবিবার, ২৬ জুলাই রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, "কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে—এমন নয়। দেশের কৃষি খাতে অপার সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ভাবনার মাধ্যমে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।"

শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় ডিগ্রি অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়ে এগিয়ে আসার ওপর তিনি জোর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, "বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

শেকৃবির উপাচার্য ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ আরএম/এনআইডি//