ফাইনালে পুরকৌশল বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়

চুয়েট আন্তঃবিভাগ ফুটবলে ইটিই বিভাগ চ্যাম্পিয়ন

  • চুয়েট আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • পুরকৌশলকে হারিয়ে শিরোপা জিতেছে ইটিই বিভাগ
  • ম্যান অব দ্য টুর্নামেন্ট মোহাম্মদ এবং সেরা গোলরক্ষক কাউছার মাহমুদ

চুয়েট আন্তঃবিভাগ ফুটবলে ইটিই বিভাগ চ্যাম্পিয়ন
২৬ জুলাই, ২০২৬ ২০:৩৯  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬”-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে পুরকৌশল বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ।

২৬ জুলাই, রবিবার বিকেলে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইটিই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী কাউছার মাহমুদ শিশির।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।
//ডিবিটেক/ এসআইএম/ইডিপি//