‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রকাশ; এসক্রো পেমেন্ট ও ভ্যাট-কর বাধ্যতামূলক

নিবন্ধন ছাড়া বাংলাদেশে বিজ্ঞাপন দিতে পারবে না মেটা-গুগল

  • ফেসবুক, ইউটিউব ও গুগলকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডিবিআইডি সনদ নিতে হবে
  • এমএসএমই খাতের রপ্তানি আয়, ড্রপ শিপিং ও মার্চেন্টিং ট্রেডে মিলবে আর্থিক প্রণোদনা
  • নতুন নীতিমালায় প্রতারণা রোধে রিফান্ড নীতি, এডিআর ব্যবস্থা এবং নিষিদ্ধ পণ্যে কঠোর নিষেধাজ্ঞা
  • বাংলাদেশে অফিস স্থাপন নিয়ে মেটা ও গুগলের সঙ্গে সরকারের নতুন আলোচনা শুরু

নিবন্ধন ছাড়া বাংলাদেশে বিজ্ঞাপন দিতে পারবে না মেটা-গুগল
২৬ জুলাই, ২০২৬ ০১:০৪  

বাংলাদেশে কোম্পানি প্রতিষ্ঠা ও নিবন্ধন ছাড়া ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম আর কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না—এমন বাধ্যতামূলক বিধান রেখে 'ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬'-এর খসড়া প্রকাশ করেছে সরকার। নীতিমালায় সাফ জানানো হয়েছে, বাংলাদেশে বিজ্ঞাপন প্রচারের আগে বিদেশি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধন নিতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।

ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্যের সার্বিক সুরক্ষায় প্রণীত নতুন খসড়া নীতিমালা থেকে বিষয়টি জানাগেছে। এর আগে গত ২২ জুলাই, শনিবার জনমত গ্রহণের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নীতিমালার খসড়াটি প্রকাশ করা হয়।

খসড়া নীতিমালা অনুযায়ী, বিজ্ঞাপনী প্রচার কিংবা অনলাইনে পণ্য ও সেবা বিক্রির আগে বিদেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধন নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে নকল, নিষিদ্ধ বা বিভ্রান্তিকর পণ্য বাদে কেবল বৈধ বিজ্ঞাপনের সুযোগ থাকবে। আন্তর্জাতিক লেনদেন নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্রস-বর্ডার এসক্রো পেমেন্ট ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কের সাথে দেশের বিদ্যমান কাঠামোর সংযোগ, রপ্তানি আয় দেশে আনা সহজ করা এবং আমদানির ইনভয়েস বা বিল অব এন্ট্রিতে ক্রেতার পাশাপাশি ডিজিটালের পরিচয় উল্লেখের বিধান যুক্ত করা হয়েছে।

নীতিমালায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) আন্তর্জাতিক বাজারে প্রবেশে পার্সেলভিত্তিক রপ্তানিতে বিশেষ নীতিসহায়তা, বীমা সুবিধা, ডিজিটাল মাধ্যমে অর্জিত রপ্তানি আয়ে আর্থিক প্রণোদনা, ড্রপ শিপিং, এন্ট্রেপোর্ট ট্রেড ও মার্চেন্টিং ট্রেডে নীতিগত সহায়তার কথা বলা হয়েছে। ভোক্তা সুরক্ষায় অনলাইন জুয়া, লটারি, ভেজাল পণ্য নিষিদ্ধের পাশাপাশি ক্রুটিপূর্ণ পণ্যে সমপরিমাণ অর্থ ফেরত (রিফান্ড), স্পষ্ট ওয়ারেন্টি নীতি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। নীতিমালায় বি-টু-বি, বি-টু-সি ও বি-টু-বি-টু-সি বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ এবং অনলাইনে আমদানির মূল্যসীমা পুনর্বিবেচনায় এনবিআরের সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ আছে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশে সমন্বিত নীতিমালার অভাবে রাজস্ব আদায় ও ভোক্তা সুরক্ষায় যে সীমাবদ্ধতা ছিল, তা দূর হবে। টেলিকম খাতসংশ্লিষ্টরা জানান, অতীতে আমলাতান্ত্রিক জটিলতায় মেটা ও গুগলের অফিস স্থাপনে বাধা তৈরি হলেও বর্তমান আইসিটি উপদেষ্টা আসিফ রেহান আসাদ জানিয়েছেন, গাইডলাইন অনুযায়ী দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে অফিস স্থাপনের কাজ শুরু হয়েছে। খসড়া নীতিমালার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত জনমত গ্রহণ শেষে এটি চূড়ান্ত করা হবে।

দেশে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর বিশাল বাজার থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতায় এতদিন মেটা বা গুগলের স্থায়ী অফিস স্থাপিত হয়নি। এ বিষয়ে আইসিটি উপদেষ্টা আসিফ রেহান আসাদ জানিয়েছেন, বর্তমান সরকার মেটা ও গুগলের কার্যালয় স্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে এবং নির্ধারিত গাইডলাইন অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।

//ডিবিটেক/ এসআই/ইডিপি//