কারণ দর্শানোর নোটিশ ও পাঠদানের অনুমোদন বাতিলের হুশিয়ারি কারিগরি বোর্ডের
৬২১ কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ
- এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের ৬২১টি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত
- দীর্ঘদিন শিক্ষার্থী না পাওয়ায় ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
- অবকাঠামো ও শর্ত পূরণে ব্যর্থ হলে চূড়ান্তভাবে অনুমোদন বাতিলের সিদ্ধান্ত
দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে গত ২৩ জুলাই । এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না—এ বিষয়ে ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান ব্যাখ্যা দিলেও তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান এখনো ব্যাখ্যা দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান-সংক্রান্ত নীতিমালা-২০২৪’ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি ও গ্রন্থাগারসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বোর্ড চূড়ান্তভাবে বাতিল বা প্রত্যাহার করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।
//ডিবিটেক/ জেএনও/ইডিপি//





