হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ অ্যাভিয়েশন

হেলিকপ্টার সেবা চালু করলো আকিজ অ্যাভিয়েশন
২৬ জুলাই, ২০২৬ ০০:০০  

দেশের করপোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাতকে টার্গেট করে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালু করেছে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ অ্যাভিয়েশন লিমিটেড। ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য তাদের হেলিকপ্টার পরিষেবা ও জরুরি রোগী পরিবহন সেবার জন্য তিনটি ফোন নম্বর শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। নম্বরগুলো হলো: ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫, ০১৭১৩-৪৮৮৪০৬।

সূত্রমতে, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করছেন আকিজ অ্যাভিয়েশন।

প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে এই সেবা চালু করেছে আকিজ অ্যাভিয়েশন। রোগী পরিবহনের জন্য বেল-৫০৫ মডেলের একটি হেলিকপ্টার এবং যাত্রী পরিষেবার জন্য রবিনসন-৬৬ মডেলের দুটি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

এদিকে আকিজ অ্যাভিয়েশন লিমিটেড ২৫ জুলাই, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ অ্যাভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ সেবা। 

আকিজ অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত যাতায়াত ও জরুরি প্রয়োজনে দেশের শিল্পপতি এবং ব্যবসায়ীরা এখন হেলিকপ্টার বেশি ব্যবহার করছেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, জরুরি ভ্রমণ, নাটক কিংবা সিনেমার শুটিং, রাজনৈতিক নেতাদের সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত যাতায়াতকে সহজ করতে দেশে এখন হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তাই বিশেষ প্রয়োজনে নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার জন্য সবসময় পাশে থাকবে আকিজ অ্যাভিয়েশন লিমিটেড।
//ডিবিটেক/জেএনও/এমআইএস//