পোশাকের পাশাপাশি বিশ্বমানের চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা হবে বাংলাদেশের নতুন পরিচয়

দেশে ডিপ-টেক বিপ্লবে ‘স্পুটনিক মোমেন্টস’-এর প্রতীক্ষা

  • প্রযুক্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার নতুন বৈশ্বিক উদ্যোগ
  • তরুণরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, হবে নতুন প্রযুক্তির স্রষ্টা
  • সেমিকন্ডাক্টর ও উদ্ভাবনী শিল্পে ব্যবসায়ীদের সর্বাত্মক সরকারি সমর্থনের প্রতিশ্রুতি

দেশে ডিপ-টেক বিপ্লবে ‘স্পুটনিক মোমেন্টস’-এর প্রতীক্ষা
২৬ জুলাই, ২০২৬ ১০:৩৩  

‘স্পুটনিক মোমেন্টস’-এর মতো বাংলাদেশের প্রযুক্তি মঞ্চে একটি জাতীয় মুহূর্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। রাজধানীর নভোথিয়েটারে চলমান জাতীয় সেমিকন্ডাক্টর সম্মেলন ও বেয়ার সামিটকে এক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে জাতীয় আহ্বান হিসেবে মনে করছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, "মেইড ইন বাংলাদেশ কেবল পোশাকের পরিচয় নয়, বরং বিশ্বমানের চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি ও ডিপ-টেক উদ্ভাবনের প্রতীক হবে।"

২৬ জুলাই, রবিবার দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে ‘বাংলাদেশের ডিপ-টেক ভবিষ্যৎ’ শীর্ষক বিশেষ সেশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান মন্ত্রী।

সম্মেলনের মূল ভাবনায় প্রধানমন্ত্রীর ‘প্রযুক্তিতে স্বনির্ভর ডিপ-টেক বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণে সরকার সেমিকন্ডাক্টর, উন্নত চিপ ডিজাইন, রোবটিকস, ফটোনিক্স, বায়ো-ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন প্রযুক্তিতে সবিশেষ গুরুত্বারোপ করছে বলে জানান মন্ত্রী। ফকির মাহবুব আনাম বলেন, "আমরা চাই বাংলাদেশের যুবসমাজ শুধু বিশ্বের প্রযুক্তিগুলো ব্যবহার করবে না, তারা বিশ্বের পরবর্তী প্রযুক্তিগুলো তৈরিও করবে। এই বেয়ার সামিট প্রমাণ করেছে, বাংলাদেশ একা নয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পনেতা, প্রবাসী বাংলাদেশি ও বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা তাই নিছক একটি সম্মেলন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা।"

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, "বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। দেশের প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় সব ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
//ডিবিটেক/আইএইচ /এমআই//