২৭ সালের সিইএস-এ যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে ৭ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ উদ্ভাবক

২৭ সালের সিইএস-এ যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে ৭ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ উদ্ভাবক
২৫ জুলাই, ২০২৬ ১০:৫৭  
২৫ জুলাই, ২০২৬ ১১:০৯  

পাঁচটি উদীয়মান প্রযুক্তির মেলবন্ধনে রাজধানীর নভোথিয়েটারে মহাসমারোহে শুরু হলো 'জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট ২০২৬'। শনিবার সকাল ১০টা ১ মিনিটে দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​প্রধানমন্ত্রী মঞ্চে প্রবেশের সাথে সাথে উপস্থিত অভ্যাগত অতিথিরা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। এরপর যন্ত্রসংগীতের মূর্ছনায় পরিবেশিত হয় জাতীয় সংগীত, আর পেছনের সুবিশাল ডিজিটাল পর্দায় পত পত করে উড়তে থাকে লাল-সবুজের জাতীয় পতাকা। প্রথা অনুযায়ী চার ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

​অনুষ্ঠানে সিলিকন ভ্যালির আদলে নদীমাতৃক বাংলাদেশকে 'সিলিকন রিভার' হিসেবে গড়ে তোলার কৌশলগত রূপরেখা তুলে ধরেন চিফ আর্কিটেক্ট মোস্তফা হোসাইন।

দেশের তরুণদের উদ্ভাবনী শক্তির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী বছরের ৬ থেকে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিখ্যাত 'সিইএস (CES) কনজিউমার ইলেকট্রনিক্স শো'-তে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিগত ১৮ মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিবিড় গবেষণায় যুক্ত থাকা ৭টি বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ জন তরুণ উদ্ভাবক বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

​বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো: আনোয়ার হোসেন বলেন, "বর্তমান বিশ্বে দেশের সক্ষমতা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো প্রযুক্তি। তাই গবেষণাকে কেবল গবেষণা নিবন্ধ বা প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্যোগ নিচ্ছি। এর অংশ হিসেবে আগামী আগস্টে জাতীয় উদ্ভাবনী মেলা আয়োজন করা হবে।"

​অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের যাত্রা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি আকর্ষণীয় ভিজ্যুয়াল তথ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাগত বক্তব্যে বিএসইএ (BSEA) সভাপতি এম এ জব্বার বিশ্বব্যাপী উদ্ভাবনী শিল্পে নেতৃত্ব দিতে সরকারের নীতিগত সহায়তা এবং কৌশলগত অংশীদারিত্বের জোর দাবি জানান।

এসময় অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এম আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/আইএইচ/এসএমই//