পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে বাংলাদেশের অর্থনীতির নতুন হাতিয়ার: প্রধানমন্ত্রী

পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে বাংলাদেশের অর্থনীতির নতুন হাতিয়ার: প্রধানমন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১১:৪৬  
২৫ জুলাই, ২০২৬ ১২:৪৪  

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর খাতই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিজয় স্মরণীর নভোথিয়েটারে আয়োজিত জাতীয় সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে এবং বাংলাদেশও এই সম্ভাবনাময় বাজারের অংশীদার হতে চায়।

তিনি সম্মেলনকে দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নির্মাতাদের মিলনমেলা হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন হাজারেরও বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন প্রণোদনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সামগ্রী আমদানিতে শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস রপ্তানির জন্য নগদ প্রণোদনা চালু করা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়ন এবং বিশেষায়িত বায়োপার্ক ও সেমিকন্ডাক্টর অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়। বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা, উদ্যোক্তা এবং প্রবাসী বিজ্ঞানীদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে হবে।

আন্তর্জাতিক মানের গবেষণাগারের কিছু সীমাবদ্ধতা থাকলেও দেশের তরুণ ও দক্ষ জনশক্তির ওপর আস্থা রেখে তিনি বলেন, বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার।

সম্মেলনের মূল কী-নোট উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়ন উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হুসাইন।

//ডিবিটেক/আইএইচ/এসএমই//