পৃথিবীসদৃশ ৪৫টি গ্রহের সন্ধান
মহাবিশ্বে আমরা একা কি না—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণায় সম্প্রতি পৃথিবীসদৃশ ৪৫টি গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কার্ল সেগান ইনস্টিটিউটের একদল গবেষক। ওই গ্রহগুলোতে ভিনগ্রহের প্রাণের জন্য উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে চারটি গ্রহ পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
গ্রহগুলো নিজ নিজ নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে থাকায় অতিরিক্ত উত্তপ্ত নয়, আবার খুব বেশি দূরে না থাকায় বরফে আচ্ছাদিতও নয়। এই অনুকূল অবস্থান তাদের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা তৈরি করেছে, যা প্রাণের বিকাশের প্রধান উপাদান। নাসার তথ্য অনুযায়ী, বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে প্রায় আট লাখ বছর লাগবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী, ভবিষ্যতে নিউক্লিয়ার পালস প্রপালশনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সময়কে কয়েক শতাব্দীতে নামিয়ে আনা সম্ভব হবে।
গবেষকদের মতে, শুধু দূর মহাবিশ্বেই নয়, আমাদের সৌরজগতেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। ওয়ারউইক ইউনিভার্সিটির মহাকাশ বিশেষজ্ঞ ডেভিড আর্মস্ট্রং জানিয়েছেন, শনি ও বৃহস্পতির কিছু উপগ্রহের বরফস্তরের নিচে থাকা সমুদ্রে প্রাণের সম্ভাবনা রয়েছে।
এই আবিষ্কার মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন আশার আলো জাগিয়েছে।
ডিবিটেক/এনএ/ইকে



