তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কুয়ালালামপুরে বৈঠক
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে আজিয়াটা ও এয়ারএশিয়ার বৈঠক,
মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রবি আজিয়াটা গ্রুপ ও এয়ারএশিয়া গ্রুপের প্রধানরা পৃথক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
কুয়ালালামপুর, ২২ জুন: মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে দেশটির দুই শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ এবং আকাশপথ পরিবহন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদৎ স্বাধীন জানান, সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে কুয়ালালামপুর-এর Shangri-La Hotel Kuala Lumpur-এ অনুষ্ঠিত বৈঠকে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আজিয়েটা গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।
বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং দেশে দ্রুত ৫জি নেটওয়ার্ক চালুর বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আজিয়াটা গ্রুপের প্রধান বাংলাদেশে বিনিয়োগবান্ধব ও টেকসই বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এরপর স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ার এশিয়া গ্রুপ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিংগাম।
বৈঠকে এয়ারএশিয়ার প্রধান বাংলাদেশের সম্ভাবনাময় এভিয়েশন খাতের প্রশংসা করেন এবং দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে নতুন বিনিয়োগের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও এভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এসব বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
//ডিবিটেক/এমআই/ইকে//





