পিআইবির আয়োজনে দুই দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪০ জন রাজনৈতিক প্রতিবেদক

এআই ও ফ্যাক্টচেকে রাজনৈতিক সাংবাদিকদের নতুন প্রস্তুতি

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই এবং ডিজিটাল নিরাপত্তা দক্ষতা বাড়াতে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

এআই ও ফ্যাক্টচেকে রাজনৈতিক সাংবাদিকদের নতুন প্রস্তুতি
২০ জুন, ২০২৬ ১৫:১২  

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কার্যালয়ের ক্লাসরুমে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর ৪০ জন সদস্য।

২০ জুন, শনিবার শুরু হওয়া এই কর্মসূচির আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল সংবাদ পরিবেশে তথ্য যাচাই, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং পেশাগত মান উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। তাদের মধ্যে রয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীদের ভুয়া ছবি ও ভিডিও শনাক্তকরণ, এআই-নির্ভর কনটেন্ট যাচাই, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং নির্ভুল সংবাদ তৈরির বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জ এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়।

পিআইবি জানিয়েছে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের এআই-এর কার্যকর ব্যবহার, আধুনিক তথ্য যাচাই কৌশল এবং পেশাগত নৈতিকতা বিষয়ে আরও দক্ষ করে তোলা, যাতে তারা ডিজিটাল যুগের চাহিদা অনুযায়ী আরও মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি করতে পারেন।

//ডিবিটেক/কেএম/ইকে//