সাংবাদিকদের তথ্যভিত্তিক ডাটাবেজে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের তথ্যভিত্তিক ডাটাবেজে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর
১৯ মে, ২০২৬ ১৪:০২  

প্রকৃত সাংবাদিকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক গণমাধ্যম এখন ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। তাই তথ্য ব্যবস্থাপনা ও সাংবাদিকদের নির্ভুল ডাটাবেজ তৈরি এখন সময়ের দাবি।

১৯ মে,মঙ্গলবার  দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনের প্রয়াত দুই সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে গ্রুপ বীমার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী জানান, সরকার গণমাধ্যম খাতের অনিয়ম দূর করতে একটি আধুনিক গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে। এই কমিশনের মাধ্যমে এমন নীতিমালা তৈরি করা হবে, যেখানে সরকার, মালিকপক্ষ ও সাংবাদিক-কেউই ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।

তিনি আরও বলেন, ব্যক্তিমালিকানাধীন গণমাধ্যমকে আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। এতে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, পেনশন, গ্র্যাচুইটি ও নিয়মিত বেতন নিশ্চিত করা সম্ভব হবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, দেশে এখনো অনেক সাংবাদিক দীর্ঘ সময় কাজ করেও প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য আর্থিক সুবিধা পান না। তিনি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং পূর্ণ বাকস্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংগঠনটি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবায় নিয়মিত কাজ করছে। তিনি সাংবাদিকদের জন্য সপ্তাহে দুই দিন ছুটি এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিও জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. কাজিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।

ডিবিটেক/ডিআই/ইকে