অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর রাজত্ব দখলের লড়াইয়ে এবার বড় এক বাজি ধরল গুগল। ওপেনএআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এ ৪০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল বিনিয়োগের একটি অংশ নগদ অর্থ এবং বাকিটা ক্লাউড কম্পিউটিং সেবা বা ‘কম্পিউট’ হিসেবে দেওয়া হবে।
বিনিয়োগের অংক ও লক্ষ্য
অ্যানথ্রোপিক জানিয়েছে, গুগল বর্তমানে ৩৫০ বিলিয়ন ডলার বাজারমূল্যের ওপর ভিত্তি করে ১০ বিলিয়ন ডলার সরাসরি বিনিয়োগ করছে। বাকি ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে যদি অ্যানথ্রোপিক ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক ও প্রযুক্তিগত লক্ষ্যমাত্রা বা ‘পারফরম্যান্স টার্গেট’ পূরণ করতে পারে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে অনেক বিশ্লেষক মনে করছেন, অ্যানথ্রোপিকের প্রকৃত বাজারমূল্য এখন ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
নতুন মডেল ‘মিথোস’ ও নিরাপত্তার ঝুঁকি
বিনিয়োগের এই খবরটি এমন সময় এল যখন অ্যানথ্রোপিক তাদের সবচেয়ে শক্তিশালী ও নতুন এআই মডেল ‘মিথোস’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলটি সাইবার নিরাপত্তা এবং জটিল কোডিং সমস্যার সমাধানে অভাবনীয় সাফল্য দেখাতে সক্ষম। তবে এর অপব্যবহারের আশঙ্কায় এখনই এটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমানে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এই মডেলের ঝুঁকি মূল্যায়ন করছে অ্যানথ্রোপিক।
কম্পিউট শক্তির লড়াই
এআই-এর এই দৌড়ে এখন টাকার চেয়েও দামি হয়ে উঠেছে ‘কম্পিউট’ বা ডেটা প্রসেসিং ক্ষমতা। ওপেনএআই যেমন মাইক্রোসফট ও বিভিন্ন চিপ নির্মাতাদের সঙ্গে বিশাল চুক্তি করছে, তেমনি অ্যানথ্রোপিকও পিছিয়ে নেই। গুগলের পাশাপাশি অ্যামাজনও সম্প্রতি অ্যানথ্রোপিকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের একটি পরিকাঠামো চুক্তি করেছে।
গুগল মূলত তাদের নিজস্ব শক্তিশালী চিপ ‘টিপিইউ’ ব্যবহারের সুযোগ দিয়ে অ্যানথ্রোপিককে সহায়তা করছে। এটি এনভিডিয়ার চিপের অন্যতম সেরা বিকল্প হিসেবে পরিচিত। গুগলের সঙ্গে নতুন এই চুক্তির আওতায় আগামী ৫ বছরে অ্যানথ্রোপিক ৫ গিগাবাইট কম্পিউট সক্ষমতা ব্যবহারের নিশ্চয়তা পেয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও আইপিও
অ্যানথ্রোপিক কেবল মডেল তৈরি নয়, বরং তাদের নিজস্ব অবকাঠামো শক্তিশালী করতে মরিয়া। সবকিছু ঠিক থাকলে এবং এই বিনিয়োগের প্রভাব ইতিবাচক হলে, আগামী অক্টোবর মাসেই শেয়ার বাজারে নাম লেখাতে পারে এই এআই জায়ান্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুদ্ধে গুগল ও অ্যানথ্রোপিকের এই জোট ওপেনএআই ও মাইক্রোসফট জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ







