রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে হয়ে গেলো কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা। রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ এবং ব্র্যাক এআই এন্টারপ্রাইজের আয়োজনে মূল্যায়ণ ভিত্তিক এই কর্মশালায় অংশ নেন ৪০ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ৪৫ জন। এদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রবি’ শিক্ষার্থী মিন্টু দে, দ্বিতীয় স্থান (যৌথভাবে) অর্জন করেন আমিনুল ইসলাম (চাঁদপুর) ও ইম্রান হোসেন মোল্লা এবং তৃতীয় স্থান অর্জন করেন জহিরুল ইসলাম।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং প্র্যাকটিক্যাল কিট বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে সনদ তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন খান।
কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজের ভেটেনারি সার্জন ডা. মুহাম্মদ আল হেলাল মন্ডল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কিশোরগঞ্জের শিক্ষার্থী মো. খায়রুল্লাহ। পরে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন টাঙ্গাইলের মো. জহিরুল ইসলাম।
ডিবিটেক/এসএন/ইকে







