উপজেলা হাসপাতালে প্রতিমন্ত্রীর আকস্মিক ভিডিও কলে মিলল যে চিত্র
ঈদের ছুটির দিনে চিকিৎসাসেবার বাস্তব চিত্র দেখতে ২৩ মার্চ, সোমবার হঠাৎই ভিডিও কলে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে তিনি সরাসরি সংযুক্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর পর্যন্ত চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। চিকিৎসা কেমন চলছে—এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন প্রতিমন্ত্রী।
তবে এ দিন ডিউটি থাকা চারজনের মধ্যে একজনকেও উপস্থিত পাননি ভিডিও কলে। এ সময় তিনি নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
অবশ্য ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা তখন চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন ড. এম এ মুহিত।এ সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাসেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন প্রতিমন্ত্রী।
চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।’ তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছে। প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালু করার মাধ্যমে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকারও তুলে ধরেন তিনি।
এই ভিডিও কলে ঈদের ছুপিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকটের চ্যালেঞ্জ প্রতিভাত হলেও প্রতিমন্ত্রীর আকস্মিক নজরদারি স্বাস্থ্যসেবার জবাবদিহিতা বাড়াতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, সামগ্রিকভাবে, এই ভিডিও কল শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং স্বাস্থ্যসেবার তৃণমূল বাস্তবতা তুলে ধরেছে। এটি ভবিষ্যতে চিকিৎসক উপস্থিতি ও সেবার মান নিশ্চিত করতে প্রশাসনিক চাপ বাড়াতে পারে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম



