সচল হলো আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট
দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড লাইনের কারিগরি ত্রুটি ঠিক করায় বন্ধ হওয়ার পৌনে ছয় ঘন্টার মধ্যে সচল হলো ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীর তীরে অবস্থিত আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের মধ্যে একটির উৎপাদন কার্যক্রম।
একইসঙ্গে গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা অপর একটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ।
তিনি জানান, ইতোমধ্যে ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি চালু করা হয়েছে৷ তবে ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটটি চালু করতে অন্তত তিন দিন সময় লাগবে। এ অবস্থায় ইস্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস দিয়ে ৫০ মেগাওয়াটের আরেকটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটেই ১৩ মার্চ, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উৎপাদন শুরু হয় বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনের সঙ্গে যুক্ত বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি দল ইউনিট দুটি চালু করতে কাজ শুরু করে। ত্রুটি সারানো হলে পৌনে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ৮টা থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে।
রাস্ট্রীয় এই বিদ্যুৎ উৎপাদন হাব থেকে বর্তমানে ১৫৮৮.৯২৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/বিএন/এমইউএম







