সনির বিরুদ্ধে ২.৭ বিলিয়ন ডলারের মামলা

সনির বিরুদ্ধে ২.৭ বিলিয়ন ডলারের মামলা
৩ মার্চ, ২০২৬ ১৪:২৬  

যুক্তরাজ্যে আরেকটি বড় অ্যান্টিট্রাস্ট মামলার সম্মুখীন হলো জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট সনি। প্রায় ২ বিলিয়ন পাউন্ড (২.৭ বিলিয়ন ডলার) মূল্যের এই মামলায় কোম্পানির বিরুদ্ধে প্লেস্টেশন ব্যবহারকারীদের কাছ থেকে ‘অতিরিক্ত ফি’ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর এনগ্যাজেট।

ভোক্তা অধিকারকর্মী অ্যালেক্স নিলের নেতৃত্বে আনুমানিক ১ কোটি ২২ লাখ গেমার এই সম্মিলিত মামলা দায়ের করেছেন। আগামী ১০ মার্চ লন্ডনের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনালে (ক্যাট) এই মামলার শুনানি শুরু হবে বলে জানা গেছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সনি প্লেস্টেশন স্টোরের মাধ্যমে ডিজিটাল গেম ও ইন-গেম কনটেন্ট বিতরণে ‘একচেটিয়া অবস্থান’ তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী ডাউনলোড সিস্টেম নিষিদ্ধ করে এবং ডেভেলপার ও প্রকাশকদের কাছ থেকে ৩০ শতাংশ কমিশন নিয়ে তারা এই অবস্থান তৈরি করেছে বলে অভিযোগ আনা হয়েছে। এই খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আওতায় আনা হয়েছে ২০১৬ সালের ১৯ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে যুক্তরাজ্যে প্লেস্টেশন কনসোলের মালিক এবং যারা প্লেস্টেশন স্টোরের মাধ্যমে ডিজিটাল গেম বা ইন-গেম কেনাকাটা করেছেন, তাদের সবাইকে এটি একটি ‘অপ্ট-আউট’ মামলা, অর্থাৎ যোগ্য ব্যক্তিদের আলাদাভাবে আবেদন করতে হবে না, তারা স্বয়ংক্রিয়ভাবেই এর আওতায় আসবেন। মামলা সফল হলে প্রত্যেকে প্রায় ১৬২ পাউন্ড (২১৭ ডলার) করে পেতে পারেন।

অবশ্য সনি এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির যুক্তি, তৃতীয় পক্ষের স্টোর থেকে ডাউনলোডের অনুমতি দিলে নিরাপত্তা ও গোপনীয়তা ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া তারা হার্ডওয়্যারে বিপুল বিনিয়োগ করে এবং কনসোল খুব কম মুনাফায় বা লোকসানে বিক্রি করে বলে জানিয়েছে সনি। ডিজিটাল বিক্রির কমিশন সেই খরচ পুষিয়ে নিতেই সহায়তা করে বলে তাদের বক্তব্য।

উল্লেখ্য, গত অক্টোবরে অনুরূপ একটি মামলায় অ্যাপল তাদের অ্যাপ স্টোরের মাধ্যমে অতিরিক্ত ফি নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়। ব্রিটিশ ট্রাইব্যুনাল অ্যাপলকে ১.৫ বিলিয়ন পাউন্ড জরিমানা করলে প্রতিষ্ঠানটি ডিসেম্বরে এর বিরুদ্ধে আপিল করে । 

আগামী ১০ মার্চ সনির মামলার শুনানি শুরু হয়ে ১০ সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি