সিলেটের তরুণদের সঙ্গে আলোচনায় তারেক

তরুণদের জন্য আইটি পার্কগুলোকে অ্যাক্টিভ করা ও ফ্রি ইন্টারনেট সেবা দেয়ার কথা জানালেন তারেক রহমান

তরুণদের জন্য আইটি পার্কগুলোকে অ্যাক্টিভ করা ও ফ্রি ইন্টারনেট সেবা দেয়ার কথা জানালেন তারেক রহমান
২২ জানুয়ারি, ২০২৬ ১১:০৪  
২২ জানুয়ারি, ২০২৬ ১১:৫৫  

দেশের বিভিন্ন স্থানে থাকা আইটি পার্কগুলোকে ‘অ্যাক্টিভ’ করা, বিজ্ঞাপন দেখিয়ে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেপ্যাল-কে দেশে আনা এবং সেমিকন্ডাক্টরের মতো প্রযুক্তি কোম্পানিকে দেশে পরিচালনার পরিবেশ ও নীতিমালা তৈরিতে কাজ করবেন বলে তরুণদের আশ্বস্ত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

২২ জানুয়ারি সকালে সিলেট আলিয়া মাদরাসা থেকে নির্বাচনি প্রচারণা শুরুর জনসভা শুরুর আগে স্থানীয় তরুণদের সঙ্গে ‘দি প্লান-ইয়্যুথ পলিসি টক’ অনুষ্ঠানে এসব আশ্বাসের কথা শোনান তিনি। এসময় স্ত্রী জোবাইদা রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই সেশনে ১৭ বছর পর দেশে এসে ঘোষণা করা আই হ্যাভ এ প্লান বিষয়ে কথা বলেন তারেক রহমান। 

অনুষ্ঠানে তার কাছে শেষ জিজ্ঞাসাটা ছিলো আইসিটি বিষয়ক পরিকল্পনা নিয়ে। সেই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইটি খাতে কাজ করা তরুণদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সমস্যা সমাধানে আমরা কাজ করবো। আমরা দেখেছি বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলো বড় বড় বিল্ডিং করা হয়েছে। কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা দেখছি, সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে, অথবা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা এই জায়গাগুলো অ্যাক্টিভ করতে চাই। এজন্য যারা আইটি রিলেটেড কাজ করছে আমরা ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধাসহ ওয়ার্কিং স্পেস দেবো। 

ফ্রিল্যান্সারদের আয়ের টাকা সহজে দেশে আনতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, পেমেন্ট পেতে বিদ্যমান বহুল সমস্যা দূর করতে পেপ্যাল এর অ্যাকসেস পেতে আমরা ইতিমধ্যেই তাদের বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানিয়েছি। এর বাইরে আমরা শহরের মধ্যে বিভিন্ন ক্যাফেটারিয়া, লাইব্রেরি, স্কুল-কলেজে মতো গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট চালু করবো। এর মধ্যে কয়েকটা জায়গায় এক্সপেরিয়েন্টাল কাজ শুরু করেছি। সেটা একদম ফ্রি না হলেও আপনাকে কিছু দিতে হবে না। ওই ফ্রি ইন্টারনেটে সংযুক্ত হতে লগ-ইন করার পর এক থেকে দেড় মিনিটের অ্যাড দেখতে হবে। নির্দিষ্ট সময় পর লগ আউট হয়ে যাবে। এরপর আবার লগ ইন করতে হবে। কেননা আল্টিমেটলি কোনো কিছুই ফ্রি না। এছাড়াও সেমিকন্ডাক্টরের মতো আইটি কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসার মতো নীতিমালা ও পরিবেশ তৈরি করবো। 

বক্তব্যে শুরুতে তারেক রহমান বলেন, অনেক স্বপ্ন দেখা হয়েছে। ২০০৫ সালে বন্যায় রিলিফ দিতে ঢাকা থেকে সিলেটে আসতে আমার ৫ ঘণ্টার মতো সময় লেগেছিলো। গতকাল আমার গাড়ি এখানে আসতে প্রায় ৯ ঘণ্টা সময় লেগেছে। অথচ সিলেট থেকে লন্ডন যেতেও এতো সময় লাগে না। এমন অনেক বিষয় রয়েছে। সব বিষয়েই আমি উত্তর দিবো। তবে প্রথমেই মেডিকেল বিষয়ে জানতে চাই। ব্যবসায় ‘মধ্যসবসত্ত্ব’ থাকবে তবে এক্ষেত্রে ‘অনৈতিকতা’ বন্ধে সরকারকে কঠোর হতে হবে। সেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে প্রতিটি খাতকে এগিয়ে নেয়া হবে। 

ডিবিটেক/এসএম/বিটিএ