প্রথা ভেঙ্গে অ্যানথ্রপিকে সিকোইয়ার বড় বিনিয়োগ
সিলিকন ভ্যালির প্রচলিত বিনিয়োগনীতিকে চ্যালেঞ্জ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সিকোইয়া ক্যাপিটাল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লদ চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিকের বিশাল তহবিল সংগ্রহ পর্বে যোগ দিচ্ছে বিশ্বখ্যাত এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান। বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, কারণ সিকোইয়া ইতিমধ্যে ওপেনএআই ও ইলন মাস্কের এক্সএআই—উভয় প্রতিষ্ঠানেরই বিনিয়োগকারী। খবর টেকক্রাঞ্চ।
ভেঞ্চার ক্যাপিটাল জগতে সাধারণত একই খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে একসঙ্গে বিনিয়োগ এড়িয়ে চলার রীতি রয়েছে। সেই বাস্তবতায় সিকোইয়ার এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গত বছর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন, যেসব বিনিয়োগকারীর কাছে ওপেনএআইয়ের গোপন তথ্যের প্রবেশাধিকার আছে, তারা যদি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে সক্রিয় বিনিয়োগ করেন, তবে সেই অধিকার বাতিল করা হতে পারে—যাকে তিনি শিল্পখাতের ‘মানক সুরক্ষা’ হিসেবে বর্ণনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের জিআইসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোচুয়ের নেতৃত্বে এই তহবিল সংগ্রহে প্রত্যেকে ১.৫ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করছে।
অ্যানথ্রপিকের লক্ষ্য, অন্তত ২৫ বিলিয়ন ডলার তোলা, যেখানে প্রতিষ্ঠানের মূল্যায়ন ধরা হচ্ছে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার—মাত্র চার মাস আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। মাইক্রোসফট ও এনভিডিয়াসহ অন্যান্য বিনিয়োগকারীরাও এতে বড় অঙ্কের অর্থ প্রতিশ্রুতি দিয়েছে।
স্যাম অল্টম্যানের সঙ্গে সিকোইয়ার সম্পর্ক বহুদিনের। স্ট্যানফোর্ড ছেড়ে লুপ্ট শুরু করার সময় থেকেই সিকোইয়ার সমর্থন পেয়েছিলেন তিনি। এমনকি অল্টম্যানের ওপেনএআই থেকে সাময়িক বিদায়ের সময় সিকোইয়ার নতুন নেতৃত্ব প্রকাশ্যে তাঁর ভবিষ্যৎ উদ্যোগে বিনিয়োগের আগ্রহও দেখিয়েছিল।
বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকে সিকোইয়ার এই বিনিয়োগ শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ক্ষমতার ভারসাম্য ও বিনিয়োগ দর্শনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অ্যানথ্রপিক এ বছরই আইপিওর প্রস্তুতি নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







