রাশিয়ায় নিষিদ্ধ হলো রোবলক্স

রাশিয়ায় নিষিদ্ধ হলো রোবলক্স
৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৮  

রাশিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স-এর প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর জানিয়েছে, রোবলক্সে ‘চরমপন্থী উপাদান’ ও ‘এলজিবিটি প্রচারণা’ ছড়ানো হচ্ছে, যা শিশুদের “আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।” খবর রয়টার্স।

বুধবার ঘোষিত এ সিদ্ধান্তের পর রাশিয়ায় প্ল্যাটফর্মটি আর ব্যবহার করা যাচ্ছে না। রোবলক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যেসব দেশে কাজ করে সেসব দেশের স্থানীয় আইনকে সম্মান করে, এবং প্ল্যাটফর্মটি সবার জন্য নিরাপদ শেখা, সৃজন এবং সংযোগ তৈরির সুযোগ দেয়। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও ঠেকাতে তাদের প্ল্যাটফর্মে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

তৃতীয় প্রান্তিকে রোবলক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১৫১.৫ মিলিয়ন। শিশুদের অনলাইনে ক্ষতিগ্রস্থ করতে পারে—এমন উদ্বেগে আগে ইরাক ও তুরস্কও প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করেছে।

রসকমনাডজর অতীতেও পশ্চিমা মিডিয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কনটেন্টকে রুশ আইনের বিরোধী আখ্যা দিয়ে ব্লক করেছে। গত বছর সতর্কতা পাওয়ার পর ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুয়োলিঙ্গোকে ‘অপ্রচলিত যৌন সম্পর্ক’–সংক্রান্ত রেফারেন্স মুছে ফেলতে হয়। ২০২৩ সালে রাশিয়া তথাকথিত ‘আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলন’কে চরমপন্থী ঘোষণা করে, যার ফলে সমর্থকদের বিরুদ্ধে কঠোর মামলার পথ খুলে যায়।

এ বছর আগস্টে দেশটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম–এর কিছু কল সীমিত করে, আর সম্প্রতি রসকমনাডজর হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

ডিবিটেক/বিএমটি