ভূমি অটোমেশনে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তায় গুরুত্বারোপ

ভূমি অটোমেশনে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তায় গুরুত্বারোপ
২৩ অক্টোবর, ২০২৫ ১৭:০৫  

ভূমি ব্যবস্থাপনার অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ বাংলাদেশের ভূমি প্রশাসনে যুগান্তকারী পদক্ষেপ হলেও এই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তায় গুরুত্বারোপ করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ বাংলাদেশের ভূমি প্রশাসনে এক যুগোপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু নাগরিক সেবা সহজ করেনি, বরং দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধেও কার্যকর ভূমিকা রাখছে। অনেকেই এই সেবাটি ব্যবহার করছেন। তাই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও এখন সমান গুরুত্বপূর্ণ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্প’-এর ওপর আয়োজিত সেমিনারে এসব কথা বলেন এএসএম সালেহ আহমেদ।

তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় দেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যার লক্ষ্য আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা।সিনিয়র সচিব বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও জটিল ভূমি রেকর্ড ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভূমি খাত নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা নিরসনে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে।

পরে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) ওপর আলোচনা সভায় সিনিয়র সচিব বলেন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা ও ফলাফলভিত্তিক পরিচালনা নিশ্চিত করতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, মো. আব্দুর রউফ এনডিসি, সায়মা ইউনুস এনডিসি, মো. এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।