ডিজিটাল সীমানাও রক্ষা করতে হবে: বিমান বাহিনী প্রধান

ডিজিটাল সীমানাও রক্ষা করতে হবে: বিমান বাহিনী প্রধান
৭ অক্টোবর, ২০২৫ ১৯:৫৪  

আধুনিক যুদ্ধকৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, আকাশ, স্থল ও সমুদ্রসীমার মতো ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। 

৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিমান বাহিনী সদর দপ্তরের মিলনায়তনে এক অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এসব বলেন। বিমান বাহিনীর ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৫’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বিমান বাহিনী প্রধান বলেন, আধুনিক যুদ্ধকৌশলের বিবর্তনের ফলে এয়ার স্পেস এবং সাইবার স্পেসকে আর আলাদা করে দেখার সুযোগ নেই। যেভাবে আমরা আকাশ, স্থল ও সমুদ্রসীমায় আমাদের সীমানা রক্ষা করি, একইভাবে আমাদের ডিজিটাল নেটওয়ার্কের অদৃশ্য সীমানাও রক্ষা করতে হবে। সাইবার হুমকি যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তৈরি হতে পারে। 

হাসান মাহমুদ খাঁন বলেন, সচেতনতা, সতর্কতা এবং শৃঙ্খলা সাইবার জগতে নিরাপদ থাকার মূল চাবিকাঠি।

এ বছর বাহিনীর পক্ষ থেকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘সাইবার সচেতনতা প্রত্যেকের দায়িত্ব: প্রতিটি ক্লিকই গুরুত্বপূর্ণ’। 

বিমান বাহিনী প্রধান সাইবার হুমকি মোকাবিলায় সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং সতর্কতার সঙ্গে ডিজিটাল ডিভাইস ব্যবহার ও সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি আশা ব্যক্ত করেন, সাইবার নিরাপত্তা একটি সম্মিলিত বিষয়, যা নিরবচ্ছিন্ন সতর্কতা ও সকলের দায়িত্ব পালনের মাধ্যমেই কেবল অর্জন করা সম্ভব। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীকে আকাশে এবং ডিজিটাল ডোমেইনে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঢাকাস্থ ঘাঁটি/ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকার বাইরের ঘাঁটিগুলোর প্রতিনিধিরা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও মাসব্যাপী এ আয়োজনে বিমান বাহিনীর সদস্যরা, তাদের পরিবারবর্গ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।