১ লাখ ১৬ হাজার কৃতি শিক্ষার্থীকে পুরস্কার; ছাত্রীদের জন্য ‘পিংক সাইকেল’ উদ্যোগের আলোচনা

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা

  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়ার পরিকল্পনা।
  • শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অ্যাওয়ার্ড ও ডিজিটাল ডিভাইস প্রদানের উদ্যোগ।
  • নারী শিক্ষায় উদ্দীপনা জোগাতে ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের 'পিংক সাইকেল' দেওয়ার প্রাথমিক আলোচনা।

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা
১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০  

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সব কৃতি শিক্ষার্থীকে মেধার স্বীকৃতি ও পড়াশোনায় উৎসাহিত করতে ডিজিটাল ট্যাবলেট (ট্যাব) উপহার দেওয়ার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) 'বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬'-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। এই সকল কৃতি শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি প্রত্যেককে একটি করে ট্যাব উপহার দেওয়ার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। মূলত শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল শিক্ষায় সম্পৃক্ত করা এবং উচ্চশিক্ষায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যেই এই প্রণোদনামূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

নারী শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে ড. মিলন জানান, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণির ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে ‘পিংক সাইকেল’ উপহার দেওয়ার বিষয়েও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ আলোচনা চলছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতেই সরকার ধারাবাহিক কর্মসূচি হাতে নিচ্ছে।
//ডিবিটেক/ ডিআইও/ এসএমপি//