রোব্লক্স: বিনোদনের মোড়কে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট
ডিজিটাল যুগের এই সময়ে শিশুদের অবসর কাটানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এর মধ্যে রোব্লক্স (ROBLOX) বিশ্বজুড়ে লাখো শিশু-কিশোরের কাছে এক অনন্য আকর্ষণ। প্রথম দেখায় এটি নিছক একটি নিরীহ খেলার জায়গা মনে হলেও এর অন্তরালে লুকিয়ে আছে এক ভয়ংকর বাস্তবতা—একজন অভিভাবক ও সচেতন নাগরিক হিসেবে যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে।
আজ শহুরে প্রেক্ষাপটে প্রায় প্রতিটি স্কুলগামী শিশুর মধ্যেই রোব্লক্সের প্রতি নিয়ন্ত্রণহীন আকর্ষণ ও আসক্তির ঝুঁকি স্পষ্ট। পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতোই কি রোব্লক্সও শিশুদের মানসিক সুস্থতার নীরব ঘাতক হয়ে উঠছে?
খেলার মাঠ, নাকি আসক্তির ফাঁদ
রোব্লক্স কোনো একক গেম নয়, বরং এটি একটি বিশাল ভার্চুয়াল জগৎ যেখানে খেলোয়াড়রা নিজেদের গেম তৈরি করতে পারে এবং অন্যদের তৈরি গেম খেলতে পারে। এই ‘ইউজার-জেনারেটেড কন্টেন্ট’ মডেলটিই এর সবচেয়ে বড় ঝুঁকি। কন্টেন্টের ওপর কোনো পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ না থাকায় হঠাৎ করেই শিশুদের সামনে আসতে পারে সহিংসতা, হ্যারাসমেন্ট বা প্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত বিষয়বস্তু।
আরও বিপজ্জনক হলো এর পুরস্কার বা ভার্চুয়াল মুদ্রা রোবাক্স (Robux) অর্জনের প্রতিযোগিতা, যা শিশুদের মনে নিরন্তর খেলার তাগিদ সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, অনেক শিশু দিনে আট-দশ ঘণ্টা পর্যন্ত রোব্লক্সে ডুবে থাকে। এর ফলে পড়াশোনা, ঘুম, পরিবার ও বন্ধুদের সঙ্গে বাস্তবিক সম্পর্ক—সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। বাড়ে মানসিক অস্থিরতা, খিটখিটে স্বভাব, এমনকি হতাশা। বাংলাদেশের শিশুদের মধ্যেও এখন একই প্রবণতা দ্রুত বাড়ছে।
বিশ্বের অভিজ্ঞতা: সতর্কতার ঘণ্টা
রোব্লক্সের ঝুঁকি শুধু আমাদের দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত। তুরস্ক, ওমান, কুয়েত ও কাতারের মতো দেশগুলো শিশুদের নিরাপত্তা ও কন্টেন্ট নিয়ন্ত্রণের ঘাটতির কারণে ইতোমধ্যে রোব্লক্স নিষিদ্ধ বা সীমিত করেছে। চীন চালু করেছে বিশেষ সেন্সরযুক্ত সংস্করণ লুওবুলেসি (Luobulesi), যেখানে কঠোর নিয়ন্ত্রণে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। এসব উদাহরণ স্পষ্ট করে দেয়—রোব্লক্সকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখলে হবে না, এটি সমাজ ও সংস্কৃতির জন্য সম্ভাব্য হুমকি।
বাংলাদেশের করণীয়
বাংলাদেশেও রোব্লক্সের প্রভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। অভিভাবক হিসেবে শুধু মোবাইল তুলে দেওয়া নয়, শিশু কী খেলছে তা জানার দায়িত্বও আমাদের। নির্দিষ্ট স্ক্রিন টাইম, বিকল্প বিনোদন যেমন খেলাধুলা, বই বা সৃজনশীল কার্যক্রম—এসবকে অগ্রাধিকার দিতে হবে।
অন্যদিকে সরকারের উচিত অবিলম্বে এই প্ল্যাটফর্মের ওপর কঠোর নজরদারি চালানো। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমের ক্ষেত্রে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল, রোব্লক্সের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
আমাদের শিশুদের রক্ষা করতে হলে আলোচনার গণ্ডি ছাড়িয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। ভার্চুয়াল আসক্তির অন্ধকার নয়, তারা যেন বাস্তব জগতের আলোয় বড় হয়ে উঠতে পারে—প্রতিটি অভিভাবক ও সচেতন নাগরিকের এটিই এখন প্রধান প্রত্যাশা।
লেখকঃ তথ্যপ্রযুক্তিবিদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটর ফোরাম (বিডিসাফ)







