২০৩১ সালের মধ্যে নিউরালিংকের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ বিলিয়ন ডলার 

২০৩১ সালের মধ্যে নিউরালিংকের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ বিলিয়ন ডলার 
২৪ জুলাই, ২০২৫ ১১:১৪  
২৪ জুলাই, ২০২৫ ১১:১৪  

ইলন মাস্কের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান নিউরালিংক ২০৩১ সালের মধ্যে বছরে ১ বিলিয়ন ডলার রাজস্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। প্রতিষ্ঠানটি প্রতিবছর ২০,০০০ জনের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করতে চায়। খবর রয়টার্স।

নিউরালিংক আগামী ছয় বছরের মধ্যে পাঁচটি বড় ক্লিনিক চালু করে তিনটি প্রধান ইমপ্লান্ট বাজারে আনতে চায়— 'টেলিপ্যাথি' (মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে যোগাযোগ), 'ব্লাইন্ডসাইট' (দৃষ্টিশক্তি পুনরুদ্ধার), এবং 'ডিপ' (কাঁপুনি ও পারকিনসনস রোগ চিকিৎসা)।

প্রতিষ্ঠানটি ২০২৯ সালের মধ্যে টেলিপ্যাথি ডিভাইসের জন্য মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র অনুমোদন আশা করছে এবং সেসময় বছরে ২,০০০ সার্জারির মাধ্যমে ১০ কোটি ডলার রাজস্ব অর্জনের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘ব্লাইন্ডসাইট’ চালু করে সার্জারির সংখ্যা ১০,০০০-এ উন্নীত করে ৫০ কোটিরও বেশি ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত নিউরালিংক এখন পর্যন্ত প্রায় ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে এবং এর বর্তমান বাজারমূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার।

২০২৪ সালে মানবদেহে পরীক্ষামূলক চিপ প্রতিস্থাপন শুরু করে নিউরালিংক। বর্তমানে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত পাঁচজন রোগী তাদের চিন্তার মাধ্যমে ডিজিটাল ও বাস্তব সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে পারছেন।

ডিবিটেক/বিএমটি