ভারতে অর্থপাচার তদন্তে গুগল ও মেটা কর্মকর্তাদের তলব
ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থপাচারের অভিযোগে গুগল ও মেটার শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার (২১ জুলাই) দিল্লি প্রধান কার্যালয়ে তলব করেছে। দুটি সরকারি সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অনলাইন বেটিং অ্যাপ প্রচারে সহায়তা করার অভিযোগ উঠেছে। খবর রয়টার্স।
প্রথম সূত্র জানায়, এই প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপন দেখিয়ে অবৈধ অ্যাপের প্রসার ঘটাতে সহায়তা করেছে কি না, তা তদন্ত করা হচ্ছে। দ্বিতীয় সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গুগল ও মেটা অবৈধ কার্যক্রম প্রচারে জড়িত ছিল এবং এ সংক্রান্ত অর্থ লেনদেনেরও তদন্ত হবে।
২০২২ সালে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেটিং ও জুয়ার বিজ্ঞাপন থেকে বিরত থাকতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে পরামর্শ দিয়েছিল। গুগল ও মেটা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি







