শেষ দিনের প্রথম ৩০ মিনিটে হিট ৩৭ লাখ; বিক্রি সাড়ে ২১ হাজার টিকিট

শেষ দিনের প্রথম ৩০ মিনিটে হিট ৩৭ লাখ; বিক্রি সাড়ে ২১ হাজার টিকিট
২০ মার্চ, ২০২৫ ১১:৫৪  
২০ মার্চ, ২০২৫ ১২:৫৪  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির শেষ দিনে বৃহস্পতিবার (২০ মার্চ) আগামী ৩০ মার্চের টিকিট বিক্রি হচ্ছে। টিকিট কিনতে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৩৭ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এ সময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে সাড়ে ২১ হাজার আসনের টিকিট। 

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে প্রকাশ,  এদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ৯ হাজার ৯৬০টি টিকিট বিক্রি হয়। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১১ হাজার ৬১৪টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয় ২১ হাজার ৫৭৪টি।

এছাড়াও আগামী ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।