চ্যাটজিপিটিতে ভিডিও জেনারেটর ‘সোরা’ যুক্ত করছে ওপেনএআই
ওপেনএআই তাদের এআই ভিডিও জেনারেটর ‘সোরা’ সরাসরি চ্যাটজিপিটিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। শুক্রবার ডিসকোর্ডে আয়োজিত অফিস আওয়ার্স সেশনে কোম্পানির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর টেকক্রাঞ্চ।
বর্তমানে সোরা শুধুমাত্র একটি পৃথক ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়, যা গত ডিসেম্বরে চালু করা হয়েছিল। তবে ওপেনএআই-এর প্রোডাক্ট লিড রোহান সাহাই জানিয়েছেন, তারা চ্যাটজিপিটিতে সোরা যুক্ত করার জন্য কাজ করছে। যদিও এটি কবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।
চ্যাটজিপিটিতে সোরা যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন, যা প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বাড়াতে পারে। পাশাপাশি, এটি চ্যাটজিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নতুন সুবিধা হিসেবে যুক্ত হতে পারে।
এছাড়া, ওপেনএআই সোরা দ্বারা ছবি তৈরির পরিকল্পনাও করছে। বর্তমানে ড্যাল-ই ৩ চ্যাটজিপিটিতে ছবি তৈরির কাজ করে, তবে সোরা-চালিত ইমেজ জেনারেটর আরও বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ওপেনএআই সোরা টার্বো মডেলের নতুন সংস্করণ নিয়েও কাজ করছে, যা সোরা ওয়েব অ্যাপে ব্যবহৃত হয়ে আসছে।
ডিবিটেক/বিএমটি





