স্কারলেটের অভিযোগে বন্ধ হলো চ্যাটজিপিটির স্কাই ভয়েস সুবিধা
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের অনুমোদন ছাড়াই ‘অবিকল নকল কণ্ঠস্বর’ গ্রাহকদের চাহিদা মতো ব্যবহারের সুযোগ দেয়ায় চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ন্যাশনাল পাবলিক রেডিও-তে দেওয়া এক বিবৃতিতে এ অভিনেত্রী জানান, বাজারে আসা চ্যাটজিপিটির নতুন সংস্করণ ফোর-ও চ্যাটবটের জন্য তার কণ্ঠস্বর ব্যবহারের অনুমতি চেয়েছিল ওপেন এআই। অনুরোধ প্রত্যাখানের পরও তার কণ্ঠস্বরের কৃত্রিম ভার্সন ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় তিনি অত্যন্ত ‘ক্ষুদ্ধ’ এবং ‘মর্মাহত’ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ব্যবহৃত কৃত্রিম কণ্ঠস্বরের সঙ্গে নিজের কণ্ঠস্বরের ‘আশ্চর্যজনক’ মিল খুঁজে পাওয়ায় রীতিমতো ‘স্তম্ভিত’ হয়েছেন।
বিবৃতিতে স্কারলেট বলেন, “গত বছর সেপ্টেম্বরে ওপেন এআই- এর সিইও আমাকে একটি প্রস্তাব পাঠান। তিনি চাইছিলেন চ্যাটজিপিটি ফোর-ও সিস্টেমের জন্য আমার কণ্ঠস্বর ব্যবহার করতে। তার মতে, এর মাধ্যমে সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে টেক প্রতিষ্ঠানগুলোর সেতুবন্ধন গড়ে উঠবে। আর গ্রাহক ও ব্যবহারকারীদের জন্যও এটি স্বস্তিকর হবে।”
এদিকে স্কারলেট অভিযোগ করার পরপরই তড়িঘড়ি করে চ্যাটজিপিটির ‘স্কাই’ ভয়েস মোড–সুবিধা বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
স্কারলেট জোহানসনের অভিযোগ অস্বীকার করে ওপেনএআই জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি, ইচ্ছাকৃতভাবে কোনো তারকার স্বতন্ত্র কণ্ঠের অনুকরণ করা উচিত নযয়।’ স্কাইয়ে ব্যবহৃত কণ্ঠ স্কারলেট জোহানসনের নয়, অন্য একজন পেশাদার অভিনেত্রীর। আপাতত উন্নয়নের জন্য স্কাই ভয়েস ব্যবহার বন্ধ রেখেছে ওপেনএআই।
ডিবিটেক/বিএমটি







