সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

১৯ মার্চ, ২০২২ ১৫:৩৬  
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সাহাবুদ্দীন আহমেদ আজ শনিবার বেলা সাড়ে দশটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাহাবুদ্দীন আহমদের বয়স হয়েছিল ৯২ বছর। মন্ত্রী আজ এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্মৃতিচারণ করে তিনি ফেসবুকের লিখেছেন, “আমার গ্রামের মানুষ তার কাছে ঋণী-কারণ তিনি ৯৬ সালেই আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। কুপি বাতি আর হারিকেনের যুগ তখন অতিক্রান্ত হয়।”
নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী সাহাবুদ্দীন পরে ১৯৯৬ সালে পুনরায় রাষ্ট্রপ্রধানের পদে ফিরেছিলেন। ২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধ্যক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মাসখানেক আগে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকাল সোয়া ১০টার দিকে সাহাবুদ্দীনের মৃত্যু হয় বলে তার জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী জানিয়েছেন।