মাইক্রোনকে ৬.১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা মাইক্রোন টেকনোলজির জন্য ৬ দশমিক ১৬৫ বিলিয়ন ডলার সরকারি ভর্তুকি চূড়ান্ত করেছে, যা নিউইয়র্ক এবং আইডাহোতে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যয় করা হবে। খবর রয়টার্স।
এই অর্থায়ন মাইক্রোনের দীর্ঘমেয়াদী ১০০ বিলিয়ন ডলার নিউইয়র্ক এবং ২৫ বিলিয়ন ডলার আইডাহোতে চিপ উৎপাদনের পরিকল্পনাকে সহায়তা করবে। এটি ২০২২ সালের ৫২.৭ বিলিয়ন ডলার চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের অধীনে চিপ কোম্পানিগুলোর জন্য অন্যতম বৃহত্তম সরকারি সহায়তা।
নতুন তহবিলের মধ্যে নিউইয়র্কের জন্য ৪.৬ বিলিয়ন ডলার এবং আইডাহোর জন্য দেড় বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে, যা এপ্রিলে ঘোষণা করা হয়েছিলো।
এছাড়াও, মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ভার্জিনিয়ার ম্যানাসাসে মাইক্রোনের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য প্রস্তাবিত ২৭৫ মিলিয়ন ডলার ভর্তুকির একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে। এর মাধ্যমে উন্নত প্রযুক্তি যুক্তরাষ্ট্রে আনা এবং ওয়েফার উৎপাদন বৃদ্ধি করা হবে।
মাইক্রোনের এই বিনিয়োগ প্রায় ২০ হাজার চাকরি সৃষ্টি করবে এবং ২০৩৫ সালের মধ্যে উন্নত মেমরি চিপ উৎপাদনে যুক্তরাষ্ট্রের শেয়ার ২ শতাংশ থেকে প্রায় ১০ শতাংশে উন্নীত করতে সহায়তা করবে।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি ভর্তুকি চূড়ান্ত করেছে, যার মধ্যে ইন্টেলের জন্য ৭.৮৬ বিলিয়ন ডলার, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) মার্কিন ইউনিটের জন্য ৬.৬ বিলিয়ন ডলার এবং গ্লোবাল ফাউন্ড্রিজের জন্য দেড় বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
ডিবিটেক/বিএমটি







