বুধবার শেখ রাসেল দিবসে স্বর্ণ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
অ্যানিমেশন ল্যাব, প্রোগ্রামিং প্রশিক্ষণ, ইনকিউবেশন সেন্টার, ৪টি সফটও্যার উদ্বোধন এবং ৫টি স্মার্ট ই-সেবা চালুসহ নানা আয়োজনে বুধবার তৃতীয়বারের মতো জাতীয়ভাবে একযোগে সারাদেশে এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে পালিত হতে হবে শেখ রাসেল দিবস। শিশুদের রচিত "শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়" প্রতিপাদ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ প্রদান করবেন তিনি। এছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ এবং কারিগরি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কার এবং জেলা পর্যায়ে দেয়া হবে আরও ১২টি পুরস্কার। একইসঙ্গে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণকারী ১০জন বিজয়ীকে পুরস্কার হিসেবে কোর আই-৭, ১১ জেনেরেশনের ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়াও জাতীয়ভাবে প্রদান করা হবে- শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, শিল্পকলা ও সংস্কৃতি, খুদে প্রোগ্রামার, খুদে উদ্ভাবক, খুদে লেখক, ডিজিটাল স্কুল, ডিজিটাল এক্সিলেন্স মোট ১০টি ক্ষেত্রে ১১ জন শিশু-কিশোরকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করা হবে। পদক হিসেবে দেয়া হবে ১ ভরি ওজনের স্বর্ণ।
মঙ্গলবার আইসিটি অধিদপ্তরে বিসিসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন রনি। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।
সংবাদ সম্মেলনে দিবসটি বিষয়ে ব্রিফ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যখন আমার ছোট ছেলে অনির্বাণ-কে দেখি তখন শেখ রাসেলকে অনুভব করি। এই বছরে সে ১০ বছরে পড়েছে। তাই শঙ্কাও হয়। তবে ‘সত্যকে মিথ্যাকে সমায়িক ভাবে আড়াল করা হলেও শেখ রাসেল দিবস পালন সত্যের জয়কেই প্রতিয়মান করে। সেই সত্যকে তুলে ধরতে সুবিধাবঞ্চিত শিশুসহ সবার জন্য ‘রাসেল সোনা’ ত্রি-মাত্রিক চলচ্চিত্রটি পরিবেশন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব, ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচারের ২৭,০০০ শিক্ষার্থীর পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত ৩৬,০২০ জন শিক্ষককে সনদ বিতরণ, ৭টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, হার প্রকল্পের অধীন ১৩০টি উপজেলার ২৫,১২৫ জন নারীর জন্য প্রশিক্ষণ এবং সঠিক, জনমত, রূপান্তর ও ইউবোর্ড সফটওয়্যার, স্মার্ট ৩৩৩, স্মার্ট প্রেগনেন্সি মনিটরিং সিস্টেম, স্মার্ট ই-ট্রেড লাইসেন্স, শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন অ্যাপ নৈপুণ্য', সমন্বিত ই-টোলকালেকশন সেবা 'একপাস', কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার টিনের মাধ্যমে টোল ফ্রি হেল্প লাইন সেবা ১৩২১৯ এবং ৩টি ইউনিভার্সিটি ইনোভেশন হাবের উদ্বোধন করবেন।
এছাড়াও ১০,০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার-এ রোবটিক্স কর্ণার, ৩টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, ৫৫৫টি জয় স্মার্ট সার্ভিস ইনোভেশন সেন্টার, আইসিটি অধিদপ্তর ২০৪১ স্মার্ট টাওয়ার এবং ৭টি ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে দিনের শুরুতেই নিজ নিজ প্রতিষ্ঠান প্রাঙ্গনে রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। এছাড়াও আইসিটি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আইসিটি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী করা হবে।
অন্যদিকে, দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, সভা/সেমিনার আয়োজনসহ চিত্রাঙ্কন, রচনা, প্রেজেন্টেশন প্রস্তুত, শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চিত্রাংকন, দাবা, ফুটবল, সাংস্কৃতিক ও শুটিং আয়োজনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে ফ্লিপ বাটন টিপে জাতীয় সঙ্গীতের আবহে উদ্বোধন করা হয় জাতীয় শেখ রাসেল দিবসের লোগো।





