ফের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার; সেনাবাহিনী মোতায়েন

ফের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার; সেনাবাহিনী মোতায়েন
৪ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৫  
৪ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৩  

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় ‘অবৈধ’ মোবাইলফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

৪ জানুয়ারি (রবিবার) দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। মোবাইল ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখারও ঘোষণা দেয়। 

পরিবারের শিশু ও নারী সদস্যদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন এমবিসিবি সদস্যরা। পুলিশ প্রথম দফায় বেলা সাড়ে ১১টার দিকে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। ব্যবসায়ীদের একটি অংশ দুপুর ১২টার দিকে আবার সড়কে এসে বসে পড়ে। এ সময় পুলিশ প্রথম জলকামান ব্যবহার করে। 

দুপুর সোয়া একটার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ ফের লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এসময় বিক্ষোভকারীরা রাস্তার ওপর কাগজ, কাপড়, কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে কয়েকজনকে আটক করতে দেখা যায়। পুলিশের বাধায় বিক্ষোভকারীদের আশপাশের শপিংমলে আশ্রয় নিতে দেখা যায়। এরপরও যারা অবস্থান করছিলো তাদের হটিয়ে দিতে পুলিশ বিভিন্ন অলিগলিতে গিয়ে ধাওয়া দেয়। 

বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ দেখা দেয়। ওই সময় রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজার সামনের সড়কে ক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। লাঠিপেটা করেছে। 

সংঘর্ষের কারণে রাস্তা বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার থেকেই বিভিন্ন মার্কেটে ব্র্যান্ডের মোবাইল শপগুলো খুলতে দেখা গেছে। বসুন্ধরা সিটি ও সংলগ্ন মোতালেব প্লাজা ছাড়া অন্যান্য মার্কেটে মোবাইল ফোনের দোকান খোলা রেখেছে বৈধ্য ব্যবসায়ীরা। এসব জায়গায় নিরাপত্তা দিতে পুলিশি টহল লক্ষ করা গেছে। সাদা পোশাকেও পুলিশ মার্কেটগুলির নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন বলে খবর পাওয়া গেছে।

ডিবিটেক/বিটিও/ইকে