ফাহিম হত্যার প্রতিবাদে ২৫ জুলাই মুসলিম উদ্যোক্তাদের মানববন্ধন

২২ জুলাই, ২০২০ ১৪:১৪  
ঘাতকের হাতে নির্মমভাবে খুন হওয়া ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল। স্থানীয় সময় ২১ জুলাই বিকেলে ২৬৫ ইস্ট হাউস্টনে নিহত ফাহিম সালেহর অ্যাপার্টমেন্টের সামনে এই সমাবেশে পৈশাচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাতে অধিকতর তদন্তের দাবি জানানো হয়। একইসঙ্গে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অপরাধ আইন সংস্কারেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সমাবেশ থেকে ফাহিম সালেহর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সভায় উপস্থিত বাংলাদেশি নাগরিক সংগঠকেরা। এদিকে স্বপ্নবাজ তরুণ বাঙ্গালী আমেরিকান উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যায় ন্যায় বিচার চেয়ে আগামী ২৫ জুলাই বিকেলে নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজার সামনে প্রতিবাদ ও মানব বন্ধনের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম এন্টরপ্রেনিউর অ্যাসোসিয়েশন বা মুসলিম উদ্যোক্তা সংঘ। সংঘের ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেছেন, প্রতিভাবান প্রযুক্তিবিদ ফাহিম সালেহ হত্যার মধ্য দিয়ে অসংখ্য উদ্যোক্তার স্বপ্নে সলিল সমাধি ঘটেছে। ন্যয়বিচারের দাবিতে আমরা এই প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করছি।