পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে ইলেকট্রনিক্স শিল্প : বিনিয়োগ উপদেষ্টা
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ওয়ালটন যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমি নিশ্চিত খুব শিগগিরই রপ্তানি খাতে ইলেকট্রনিক্স শিল্প গার্মেন্টস শিল্পকে ওভারটেক করবে।
২৩ অক্টোবর গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এ কথা বলেন সালমান এফ রহমান। সে সময় তিনি ১ লাখ ওয়ালটন ফ্রিজ রপ্তানির সাফল্য উদযাপনে বিশালাকার কেক কাটেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সরোয়ার এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা।
সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম ও সাবিহা জারিন অরনা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।
কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের মেটাল কাস্টিং, কম্প্রেসর, রেফ্রিজটারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টেলিভিশন, কম্পিউটার-ল্যাপটপ, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ শফিক, ওয়ালটনের ডিএমডি হুমায়ূন কবীর, আলমগীর আলম সরকার ও লিয়াকত আলী ভুঁইয়া, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম, উদয় হাকিম, ফিরোজ আলম, আমিন খান প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা জানিয়েছেন, সব ঠিক থাকলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরে ফ্রিল্যান্সারদের কাছে বহুল আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণ করার সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন পেমেন্ট প্রসেসর পেপাল বাংলাদেশে চালু হবে।